গণজাগরণ মঞ্চের সমবেত কণ্ঠে জাতীয় সংগীত
মহান বিজয় দিবসে গতকাল মঙ্গলবার বিকেলে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গেয়েছে হাজারো মানুষ। নগরের চেরাগি পাহাড় মোড়ে বিকেল চারটা এক মিনিটে বিজয়ের ক্ষণকে স্মরণ করে এই কর্মসূচির আয়োজন করে গণজাগরণ মঞ্চ।
এ সময় খেলাঘরের শিশুশিল্পীদের সঙ্গে কণ্ঠ মিলিয়ে উপস্থিত সবাই সম্মিলিতভাবে গেয়ে ওঠে জাতীয় সংগীত। এই কর্মসূচিতে মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন সংগঠন অংশ নেয়।
এর আগে মঙ্গলবার বিকেল পৌনে চারটায় হাজারো মানুষ সমবেত হয়। এ সময় বোধন ও প্রমার শিল্পীরা আবৃত্তি পরিবেশন করেন। এরপর ঘড়ির কাঁটা চারটা এক মিনিট ছোঁয়ার সঙ্গে সঙ্গেই খেলাঘরের শিশুশিল্পীরা সম্মিলিত কণ্ঠে গেয়ে ওঠে জাতীয় সংগীত। চেরাগি চত্বরের আশপাশে যে যেখানে ছিল, সেখানে দাঁড়িয়ে যায়। জাতীয় সংগীত পরিবেশন শেষে ‘জয় বাংলা’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে চেরাগি পাহাড় চত্বর।
জাতীয় সংগীত পরিবেশনের পর গণসংগীত পরিবেশন করেন উদীচীর চট্টগ্রাম জেলা সংসদের শিল্পীরা। গণসংগীতশিল্পী রবীন দে উদীচীর পরিবেশনায় নেতৃত্ব দেন।
এরপর গণজাগরণ মঞ্চের সদস্যসচিব ও উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সহসভাপতি চন্দন দাশ, গণজাগরণ মঞ্চের সমন্বয়ক শরীফ চৌহান, প্রমা আবৃত্তি সংগঠনের সভাপতি রাশেদ হাসান বক্তব্য দেন। এ সময় বক্তারা বলেন, এ দেশে যত দিন পর্যন্ত যুদ্ধাপরাধী ও রাজাকার থাকবে, তত দিন তরুণ সমাজ রাজপথ ছাড়বে না। সব যুদ্ধাপরাধীর সর্বোচ্চ রায় কার্যকর না হওয়া পর্যন্ত লড়াই চলবে।
জাতীয় সংগীত পরিবেশন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন খেলাঘর চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি এ কিউ এম সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক রূপক চৌধুরী।