গণজাগরণ মঞ্চের সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট গণজাগরণ মঞ্চের দুই কর্মী সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রলীগের দুই নেতা সৌরভ হাসান ও নির্মল পালের ওপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল রোববার নগরে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ গণজাগরণ মঞ্চ। বিকেলে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে প্রতিবাদ সভায় মিলিত হয়। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সন্ত্রাসী সংগঠন ছাত্রশিবির একের পর এক হামলা চালিয়ে দেশজুড়ে অরাজকতা সৃষ্টি করলেও তাঁদের বিরুদ্ধে প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। গণজাগরণ মঞ্চ থেকে জামায়াত-শিবিরকে নিষিদ্ধের দাবি জানালেও সরকার এ ব্যাপারে এখন পর্যন্ত নীরব। শিবিরের এ ধরনের চোরাগোপ্তা হামলার বিরুদ্ধে জনগণকে প্রতিবাদী হওয়ার আহ্বান জানানো হয়। সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন সিলেট গণজাগরণ মঞ্চের মুখপাত্র দেবাশীষ দেবু, সংগঠক পাপলু বাঙালি, ছাত্রনেতা মতিউর রহমান, বিশ্বপা ভট্টাচার্য, আরিফুর রহমান, হিরণ দাশ, ইঞ্জিনিয়ারিং কলেজ গণজাগরণ মঞ্চের সংগঠক ধীমান দাশ, নাজমুল হাসান তালুকদার, জাহাঙ্গীর আলম প্রমুখ। গত শুক্রবার সকালে বালুচর এলাকায় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৌরভ হাসান ও সাংগঠনিক সম্পাদক নির্মল পাল চোরাগোপ্তা হামলায় আহত হন। দুজনই সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গণজাগরণ মঞ্চের সক্রিয় কর্মী ছিলেন। কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে এ ঘটনার জন্য শিবিরকে দায়ী করা হয়। শুক্রবার রাতে এ ঘটনায় শাহ পরান থানা শিবিরের সভাপতি ইসলাম উদ্দিনসহ দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।