গণজাগরণ মঞ্চের সমাবেশ ও মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর রায় প্রত্যাখ্যান করে এবং ঢাকায় গণজাগরণ মঞ্চে হামলার প্রতিবাদে গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রামে সমাবেশ ও মিছিল করেছে গণজাগরণ মঞ্চ।
সমাবেশে বক্তারা বলেন, দেলাওয়ার হোসাইন সাঈদীর মতো যুদ্ধাপরাধীদের মৃত্যুদণ্ড না হওয়া দুঃখজনক। এতে শহীদদের আত্মা শান্তি পায়নি। বক্তারা সব যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
নগরের চেরাগী পাহাড় মোড়ে গণজাগরণ মঞ্চের এই সমাবেশের আগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চেরাগী পাহাড় মোড়ে এসে সমাবেশে মিলিত হয়।
সব যুদ্ধাপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়ে বক্তারা বলেন, ‘কোনো আঁতাত আমরা দেখতে চাই না। সব যুদ্ধাপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তরুণ প্রজন্ম ঘরে ফিরে যাবে না।’
গণজাগরণ মঞ্চের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে তাঁরা বলেন, ‘তরুণ সমাজ জেগে উঠেছে। হামলা করে আন্দোলন দমিয়ে রাখা যাবে না। হামলাকারীদের শাস্তি দাবি করছি।’
সমাবেশে বক্তব্য দেন নারীনেত্রী নুরজাহান খান, চট্টগ্রাম গণজাগরণ মঞ্চের সদস্যসচিব ডা. চন্দন দাশ, সমন্বয়ক শরিফ চৌহান, উদীচী চট্টগ্রামের সাধারণ সম্পাদক সুনীল ধর, প্রমা আবৃত্তি সংগঠনের সভাপতি রাশেদ হাসান, প্রজন্ম ’৭১-এর সাধারণ সম্পাদক সলিল চৌধুরী প্রমুখ।