গণজাগরণ মঞ্চের স্বস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর ফাঁসির দণ্ড বহালের রায় ঘোষণার পর গতকাল শাহবাগে গণজাগরণ মঞ্চের নেতা-কর্মীদের উল্লাস l ছবি: প্রথম আলো
জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর ফাঁসির দণ্ড বহালের রায় ঘোষণার পর গতকাল শাহবাগে গণজাগরণ মঞ্চের নেতা-কর্মীদের উল্লাস l ছবি: প্রথম আলো

জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় আপিল বিভাগে বহাল থাকায় স্বস্তি প্রকাশ করেছে গণজাগরণ মঞ্চ। রায়ের প্রতিবাদে জামায়াতের ডাকা হরতাল প্রত্যাখ্যান করে আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শাহবাগে অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন মঞ্চের কর্মী-সংগঠকেরা।
রায় ঘোষণাকে কেন্দ্র করে গতকাল বুধবার সকাল থেকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন গণজাগরণ মঞ্চের কর্মী-সংগঠকেরা। এ সময় তাঁরা নিজামীর সর্বোচ্চ শাস্তি, জামায়াত-শিবির নিষিদ্ধ করার দাবিতে স্লোগান দেন। আপিল বিভাগে নিজামীর মৃত্যুদণ্ড বহালের রায় শোনার পর তাঁরা উল্লাস করেন। একটি সংক্ষিপ্ত বিজয় মিছিলও করেন তাঁরা। মিছিলটি শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ঘুরে আবার শাহবাগে এসে শেষ হয়।
এ সময় গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার সাংবাদিকদের বলেন, ‘যুদ্ধাপরাধী নিজামীর মৃত্যুদণ্ডের রায় আপিল বিভাগে বহাল রাখা হয়েছে, আমরা এই রায়ে স্বস্তি প্রকাশ করছি। আমরা মনে করি, এই রায়ের মধ্য দিয়ে মানুষের দীর্ঘ দিনের অপেক্ষার অবসান হয়েছে, ন্যায়বিচার নিশ্চিত হয়েছে এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়ার পথ সুগম হয়েছে।’