গণজাগরণ মঞ্চের স্মারকলিপি নেননি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের বিচার সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটিতেও চালু রাখার দাবি সংবলিত গণজাগরণ মঞ্চের স্মারকলিপি গ্রহণ করেননি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার।

আজ বুধবার মঞ্চের আহ্বায়ক ইমরান এইচ সরকারের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল প্রধান বিচারপতি বরাবর স্মারকলিপি দিতে চায়। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার এ কে এম শামসুল ইসলাম স্মারকলিপি গ্রহণে অস্বীকৃতি জানান। এ সময় রেজিস্ট্রার বলেন, এ ধরনের স্মারকলিপি দেওয়ার নজির সুপ্রিম কোর্টে নেই। গণজাগরণ মঞ্চের প্রতিনিধিদলকে আইনজীবীর মাধ্যমে যথাযথভাবে আবেদন করতে বলেন তিনি।

আগামী ২ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত সুপ্রিম কোর্টে অবকাশকালীন ছুটি থাকবে। খবর বাসসের।

ইমরান এইচ সরকার ছাড়াও প্রতিনিধিদলে ছিলেন গণজাগরণ মঞ্চের সংগঠক মারুফ রসুল ও সঙ্গীতা ইমাম, বাংলাদেশ ছাত্র মৈত্রীর সভাপতি বাপ্পাদিত্য বসু, জাসদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজাহান আলী ও সাবেক ছাত্রনেতা আসাদুজ্জামান মাসুম।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ের বিরুদ্ধে এ পর্যন্ত তিনটি মামলায় সুপ্রিম কোর্টে আপিল করা হয়েছে। এর মধ্যে জামায়াতের নেতা আবদুল কাদের মোল্লার রায়ের বিরুদ্ধে আনা আপিলের শুনানি শেষ হওয়ায় রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ রয়েছে। জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর রায়ের বিরুদ্ধে আনা আপিলের শুনানি শুরু হবে ১৭ সেপ্টেম্বর। জামায়াতের নেতা মুহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে আনা আপিলের সারসংক্ষেপ জমা দিতে আসামিপক্ষকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।