গণজাগরণ মঞ্চের হরতালবিরোধী মিছিল

রাজধানীতে আজ বুধবার হরতালবিরোধী মিছিল করেছে গণজাগরণ মঞ্চ। যেকোনো পরিস্থিতিতে যুদ্ধাপরাধীদের বিচার ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে আন্দোলন আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেছে মঞ্চ। বেলা সাড়ে ১১টায় শাহবাগ থেকে হরতালবিরোধী মিছিলটি শুরু হয়। সেখান থেকে টিএসসি হয়ে মিছিলটি আবার শাহবাগে আসে। এরপর মিছিলটি কাঁটাবন হয়ে আবার শাহবাগে আসে। হরতালবিরোধী মিছিল শেষে শাহবাগে সংক্ষিপ্ত সমাবেশ করে গণজাগরণ মঞ্চ। সমাবেশে গণজাগরণ মঞ্চের সমন্বয়ক ইমরান এইচ সরকার বলেন, ইসলামী ছাত্রশিবিরের ডাকা আজকের হরতাল প্রত্যাখ্যান করেছে দেশের মানুষ। আজ দোকানপাট, অফিস-আদালত, স্কুল-কলেজ খেলা ছিল। রাজপথে নেমেছে গাড়ি। শিক্ষা মন্ত্রণালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আজ পরীক্ষা কার্যক্রম অব্যাহত রাখায় সংশ্লিষ্ট ব্যক্তিদের ধন্যবাদ জানান গণজাগরণ মঞ্চের সমন্বয়ক। ইমরান এইচ সরকার বলেন, ভবিষ্যতে যেকোনো পরিস্থিতি আসুক না কেন, যুদ্ধাপরাধীদের বিচার ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে তাঁদের আন্দোলন আরও বেগবান হবে। গণজাগরণ মঞ্চের মারুফ রসুল জানান, সার্বিক পরিস্থিত নিয়ে ৫ জুলাই গণসংলাপ কর্মসূচির পরিকল্পনা রয়েছে। আজ সন্ধ্যায় আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কেন্দ্রীয় সভাপতির মুক্তি ও নিখোঁজ নেতাদের সন্ধানের দাবিতে শিবির সারা দেশে আজ সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। তাদের এই হরতালে জামায়াতে ইসলামী সমর্থন দিয়েছে। হরতালের সমর্থনে গতকাল মঙ্গলবার সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মিছিল করেছে শিবিরের নেতা-কর্মীরা। এ সময় তারা গাড়ি ভাঙচুর ও ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে।