জামায়াত-শিবির নিষিদ্ধের দাবি গণজাগরণ মঞ্চের

অবিলম্বে জামায়াত-শিবিরকে নিষিদ্ধের দাবি জানিয়েছে গণজাগরণ মঞ্চ। মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, উচ্চ আদালত ও নির্বাচন কমিশন বাংলাদেশবিরোধী অপশক্তি জামায়াতের নির্বাচন করার অধিকার বেআইনি ঘোষণা করেছেন। সরকারের উচিত অবিলম্বে এই দলকে নিষিদ্ধ করা।
জামায়াতের ডাকা হরতাল প্রতিহত করে গণজাগরণ মঞ্চের হরতালবিরোধী মিছিল শেষে আজ বুধবার দুপুরে সাড়ে ১২টার দিকে ইমরান এইচ সরকার এ কথা বলেন।
মঞ্চের মুখপাত্র বলেন, কুখ্যাত রাজাকার কাদের মোল্লার ফাঁসির রায়ে সারা দেশের মানুষ সাধুবাদ জানিয়েছে। কারণ, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে এরা বিরোধিতা করেছে, চক্রান্ত করেছে। তিনি আরও বলেন, এই জামায়াত তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশের মধ্যে আরেকটি বাংলাদেশ গড়ার চেষ্টা করছে। তাদের আর্থিক প্রতিষ্ঠানগুলো বন্ধসহ অবিলম্বে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ এখন সময়ের দাবি।
আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টায় গণজাগরণ মঞ্চ হরতালবিরোধী মিছিল করবে বলে ঘোষণা দেন ইমরান এইচ সরকার।
আর আগে দুপুর সোয়া ১২টার দিকে জাতীয় জাদুঘরের সামনে থেকে মিছিল শুরু করেন গণজাগরণ মঞ্চের সদস্যরা। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড় থেকে জাতীয় জাদুঘর এবং জাতীয় জাদুঘর থেকে কাঁটাবন মোড় হয়ে হয়ে আবার জাদুঘরের সামনে গিয়ে শেষ হয়।