গণজাগরণ মঞ্চের হরতালে বিভিন্ন সংগঠনের সমর্থন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যা ও প্রকাশক আহমেদ রশীদ টুটুল, কবি তারেক রহিম ও ব্লগার রণদীপম বসুকে হত্যাচেষ্টার প্রতিবাদে সারা দেশে কাল মঙ্গলবার সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আধাবেলা হরতাল পালন করবে গণজাগরণ মঞ্চ। মঞ্চের ডাকা হরতালে সমর্থন জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক ও ছাত্র সংগঠন। 

উৎসব নয়, প্রতিবাদের হরতালে জেলহত্যা দিবস পালন করতে জাতির প্রতি আহ্বান জানিয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। আজ সোমবার সন্ধ্যায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে হরতালের সমর্থনে আয়োজিত মশাল মিছিল শুরু আগে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এই আহ্বান জানান।
ইমরান এইচ সরকার বলেন, ‘ব্লগার, লেখক, প্রকাশক থেকে শুরু করে যারাই উগ্রবাদী চিন্তার সাথে দ্বিমত পোষণ করেন, তাঁদেরকেই হত্যা করা হচ্ছে। এর প্রতিবাদে আমরা দুইদিন ধরে প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছি। যেহেতু সারা দেশের মানুষকে হুমকি দেওয়া হচ্ছে এবং মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই, তাই আমরা প্রত্যাশা করছি, প্রত্যেকেই যার যার জায়গা থেকে স্বতঃস্ফূর্তভাবে এ হরতাল কর্মসূচি পালন করবেন এবং আশা করছি কোনোরকম বিশৃঙ্খলা ছাড়াই সারা দেশে এ কর্মসূচি পালিত হবে।’
এ সময় অন্য যেসব সংগঠন হরতালে সমর্থন দিয়েছে, তার নেতা-কর্মীদেরও রাজপথে নেমে আসার আহ্বান জানানো হয়। ইমরান এইচ সরকার বলেন, ‘আগামীকাল জাতীয় জেলহত্যা দিবস। এ দিনে জাতীয় যে চারজন নেতাকে হত্যা করা হয়েছে, তাঁদের প্রতি আমাদের শ্রদ্ধা জানাই। যে কারণে তাঁরা সংগ্রাম করেছেন, মুক্তিযুদ্ধ করেছেন, মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, সেই অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্যই আমাদের সংগ্রাম। জেলহত্যা দিবস কোনো উৎসবের দিন নয়, তাই উৎসবের মাধ্যমে নয়, প্রতিবাদের হরতাল পালনের মধ্য দিয়েই জেলহত্যা দিবস পালন করুন।’
১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকাণ্ড, জাতীয় চার নেতা হত্যা, সাম্প্রদায়িক শক্তির বিভিন্ন হত্যাকাণ্ড এবং সাম্প্রতিক সময়ে ব্লগার, প্রকাশক হত্যা এবং সারাদেশের প্রগতিশীল মানুষের উপর হুমকি-কোনোটাই বিচ্ছিন্ন ঘটনা নয় বলে দাবি করেন ইমরান। তিনি চিকিৎসাসহ জরুরি সার্ভিসগুলো হরতালের আওতামুক্ত ঘোষণা করেন।
কেন্দ্রীয়ভাবে গণজাগরণ মঞ্চের নেতা-কর্মীরা সকাল থেকে শাহবাগ, পল্টনসহ রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান নেবে। সমাবেশের পর একটি প্রতিবাদী মশাল মিছিল শাহবাগ থেকে শুরু হয়ে কাঁটাবন, নীলক্ষেত, টিএসসি হয়ে পুনরায় শাহবাগে এসে শেষ হয়।
এর আগে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে নিজেদের ডাকা ‘শোক দিবস’ উপলক্ষে কালো ব্যাজ ধারণ করেন গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা। শিক্ষক-শিক্ষার্থী, লেখক ও নাগরিকবৃন্দের মানবন্ধনে যোগ দেন ইমরান এইচ সরকার।
স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি
ব্লগার ও প্রকাশক হত্যার বিচারে ব্যর্থ হওয়ায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। গতকাল দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলন করে ছাত্র ইউনিয়েনের সভাপতি লাকী আক্তার এ দাবি জানান। এ সময় দীপন হত্যার বিচারের দাবিতে গণজাগরণ মঞ্চের ডাকা হরতাল সফল করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
লিখিত বক্তব্যে লাকী আক্তার বলেন, ‘আমরা অবিলম্বে ফয়সাল আরেফিন দীপনসহ সাম্প্রদায়িক হামলায় নিহত সকলের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার এবং ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি করছি। এ সময় সাধারণ সম্পাদক জি এম জিলানী, সহ-সভাপতি লিটন নন্দী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের দপ্তর সম্পাদক নাসির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
হরতালে অপর সংগঠনের সমর্থন
গণজাগরণ মঞ্চের হরতালে সমর্থন জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের সভাপতিত্বে কেন্দ্রীয় কমিটির ঢাকাস্থ সদস্যদের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, সারাদেশে প্রতিবাদের ঝড় তুলতে হবে। মানুষকে রাস্তায় নেমে আসতে হবে। সংগঠিত হয়ে আত্মরাক্ষার ব্যবস্থা জনগণকেই করতে হবে। আত্মরক্ষার জন্য পাড়া-মহল্লা, শিল্পকারখানা, শিক্ষাপ্রতিষ্ঠানে আত্মরক্ষা ব্রিগেড গঠন করতে হবে।
এছাড়া, হরতালে সমর্থন দিয়েছে বাংলাদেশ যুব ইউনিয়ন ও উদীচী। উদীচীর বিবৃতিতে বলা হয়, সংগঠনের সভাপতি কামাল লোহানী ও সাধারণ সম্পাদক প্রবীর সরদার এই সমর্থন জানিয়ে সারাদেশে উদীচীর শিল্পী-কর্মীরা রাজপথে সক্রিয় অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন।