গণজাগরণ মঞ্চের ৩০ দিন পূর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের ফাঁসির দাবিতে তরুণদের আহ্বানে দেশজুড়ে জেগে ওঠা গণজাগরণ মঞ্চের এক মাস পূর্তি হলো গতকাল বুধবার। ৩০ দিন পার করে গণজাগরণ মঞ্চের তরুণেরা আবারও দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফেরা নয় বলে ঘোষণা দিলেন। গত ৫ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত জামায়াতে ইসলামীর নেতা আবদুল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ রায়কে প্রত্যাখ্যান করে অনলাইন অ্যান্ড ব্লগারস অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের কর্মীদের আহ্বানে সাড়া দিয়ে ওই দিন বিকেলেই রাজধানীর শাহবাগে রাস্তা অবরোধ করে অবস্থান নেন তরুণেরা। তাঁদের সঙ্গে যোগ দেন সর্বস্তরের মানুষ। গড়ে তোলেন গণজাগরণ মঞ্চ। আন্দোলন চলার সময় জাতীয় সংসদ আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩ সংশোধন করে। এরপর ২৮ ফেব্রুয়ারি জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণা করা হয়। তরুণেরা এগুলোকে আন্দোলনের অর্জন হিসেবেই দেখছেন। টানা ১৭ দিন শাহবাগ মোড়ে আন্দোলন শেষে গত ২২ ফেব্রুয়ারি থেকে কর্মসূচিভিত্তিক আন্দোলন শুরু করেন তরুণেরা। আজ ৭ মার্চ সেই কর্মসূচির অংশ হিসেবে সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে শ্রদ্ধা নিবেদন, সমাবেশ ও প্রতিবাদী গান করা হবে। গণজাগরণ মঞ্চের সমন্বয়ক ইমরান এইচ সরকার বলেন, ৪২ বছর ধরেই এই দাবিগুলো নিয়ে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আন্দোলন করে আসছিল। গণমানুষের দাবিতে পরিণত করার জন্য শুধু একটি ডাক প্রয়োজন ছিল, যা তরুণ প্রজন্ম করেছে। তিনি বলেন, আন্দোলন ইতিমধ্যেই দেশব্যাপী ছড়িয়ে পড়েছে। এই আন্দোলনকে আরও সংগঠিত করার জন্য বিভাগে বিভাগে কর্মসূচি পালন করা হবে। এরপর প্রতিটি জেলায়ও কর্মসূচি পালনের ভাবনা রয়েছে বলে জানান তিনি। কর্মসূচিভিত্তিক আন্দোলন শুরু হলেও শাহবাগে প্রতিদিনই জড়ো হন সর্বস্তরের মানুষ। স্লোগান আর প্রতিবাদী গানে তাঁরা অব্যাহতভাবে দাবি জানাচ্ছেন। তরুণদের অন্য দাবির মধ্যে রয়েছে রাজীব হায়দার, জাফর মুন্সী, বাহাদুর মিয়া, কিশোর রাসেল মাহমুদ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার, ২৬ মার্চের পূর্বে যুদ্ধাপরাধ ও গণহত্যায় নেতৃত্বদানকারী জামায়াতে ইসলামীর বিরুদ্ধে সংশোধনী আইনের অধীনে অভিযোগ গঠন এবং নিষিদ্ধের আইনি প্রক্রিয়া শুরু, অবিলম্বে যুদ্ধাপরাধী সংগঠনগুলোর আর্থিক উৎস চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন, যুদ্ধাপরাধীদের বিচার-প্রক্রিয়া গতিশীল ও অব্যাহত রাখতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে স্থায়ী রূপ প্রদান, গণমানুষের নিরাপত্তার স্বার্থে জামায়াত-শিবিরের সন্ত্রাস ও তাণ্ডব বন্ধে বিশেষ অভিযান পরিচালনা, সব সন্ত্রাসী গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধারসহ গোপন আস্তানা উৎখাত, জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে এদের ভয়ংকর রূপ প্রকাশ এবং যুদ্ধাপরাধীদের রক্ষক ও হত্যা-সাম্প্রদায়িক উসকানিদাতা গণমাধ্যমগুলোর বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ।