গণজাগরণ মঞ্চের 'প্রতীকী কফিন' মিছিল আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রকাশককে হত্যা এবং প্রকাশক-লেখকদের ওপর হামলার বিচারের দাবিতে আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে ‘প্রতীকী কফিন’ মিছিল করবেন গণজাগরণ মঞ্চের কর্মীরা।
গতকাল বুধবার গণজাগরণ মঞ্চের মিডিয়া সেলের পাঠানো বিবৃতিতে জানানো হয়, ঘোষিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার বেলা ১১টায় শাহবাগ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে ‘কফিন মিছিল’ হবে।
জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সল আরেফিন দীপনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা এবং শুদ্ধস্বর প্রকাশনীর স্বত্বাধিকারী আহমেদুর রশীদ চৌধুরী টুটুল, কবি তারেক রহিম ও লেখক রণদীপম বসুকে হত্যাচেষ্টার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে গত মঙ্গলবার সারা দেশে আধা বেলা হরতাল পালন করে গণজাগরণ মঞ্চ। ওই হরতাল কর্মসূচি শেষে খুনিদের বিচারের দাবিতে এই ‘কফিন মিছিল’ কর্মসূচি ঘোষণা করেছিলেন মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।
এ ছাড়া আগামীকাল শুক্রবার বিকেল তিনটার দিকে শাহবাগে প্রজন্ম চত্বরে ‘মুক্তচিন্তার সংহতি সমাবেশ’ কর্মসূচি পালন করবেন মঞ্চের কর্মীরা।