গুলশানে গত বুধবার পাকিস্তান দূতাবাস ঘেরাও কর্মসূচিতে গণজাগরণ মঞ্চের কর্মীদের ওপর বিনা উসকানিতে হামলা করা হয়েছিল বলে অভিযোগ করেছেন মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।
গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক সমাবেশে ইমরান এই অভিযোগ করেন। পাকিস্তান দূতাবাস ঘেরাও কর্মসূচিতে পুলিশের হামলার প্রতিবাদে এ সমাবেশ করা হয়।
ইমরান এইচ সরকার বলেন, গণজাগরণ মঞ্চের পাকিস্তান দূতাবাস ঘেরাও কর্মসূচি ছিল শান্তিপূর্ণ। কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে পুলিশ উসকানি ছাড়াই কর্মসূচিতে অংশগ্রহণকারীদের ওপর হামলা চালিয়েছে। তিনি এ হামলার সঙ্গে জড়িতদের বিচার দাবি করেছেন।
ইমরান বলেন, পাকিস্তান হাইকমিশন থেকে প্রতিনিয়ত বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালানো হচ্ছে। সেখান থেকে জাল নোট ছাপানো হচ্ছে। জঙ্গিবাদীদের অর্থায়ন করা হচ্ছে। পাকিস্তান এখন পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকার করে না। এ দেশে তাদের গণহত্যার দায় স্বীকার করছে না। তাই তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বাংলাদেশের জন্য কোনো সুবিধাজনক বিষয় নয়।