শাহবাগে একই সময়ে পাশাপাশি পৃথক সমাবেশ করেছে গণজাগরণ মঞ্চের দুই অংশ। গতকাল শুক্রবার বিকেলে দুই অংশের আলাদা কর্মসূচি ঘিরে আগে থেকে উৎকণ্ঠা থাকলেও শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবেই সমাবেশ দুটি শেষ হয়।
গণজাগরণ মঞ্চের ছয় দফা দাবি বাস্তবায়ন এবং যুদ্ধাপরাধীদের বিচার-প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতার প্রতিবাদে জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ করে ইমরান এইচ সরকারের নেতৃত্বাধীন অংশ।
একই সময়ে পাশেই গণজাগরণ মঞ্চের ব্যানারে পৃথক সমাবেশ করে ইমরানবিরোধী অংশ। এই অংশের সমাবেশ ছিল তাদের এক কর্মীর ওপর হামলার প্রতিবাদ, মামলা প্রত্যাহার ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে।
সমাবেশে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, গণজাগরণ মঞ্চ কারও প্রয়োজনে তৈরি হয়নি। কারও প্রয়োজনে ঘরে ফিরেও যাবে না। কাউকে ক্ষমতায় বসাতে বা ক্ষমতা থেকে নামাতে গণজাগরণ মঞ্চ তৈরি হয়নি। ভয় দেখিয়ে বা পুলিশ লেলিয়ে দিয়ে লাভ হবে না। ছয় দফা আদায় না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন।
গণজাগরণ মঞ্চকে বিতর্কিত করার চেষ্টা হচ্ছে অভিযোগ করে ইমরান বলেন, ‘যাঁরা বলেন গণজাগরণ মঞ্চের দরকার নেই, তাঁদের দরকার হেফাজতে ইসলাম ও জামায়াতে ইসলাম।’
এই অংশের সমাবেশে ছাত্র ইউনিয়ন, জাসদ ছাত্রলীগ, বিপ্লবী ছাত্র মৈত্রী, ছাত্র ফেডারেশন, ছাত্রফ্রন্টের (খালেকুজ্জামান) কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন। সমাবেশ পরিচালনা করেন ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লাকী আক্তার। সমাবেশ শেষে একটি মিছিল বের করা হয়।
এই অংশের সমাবেশ চলাকালে শাহবাগ থেকে মিছিল বের করেন গণজাগরণ মঞ্চের অপর অংশের কর্মীরা। চারুকলা ইনস্টিটিউট হয়ে আবারও শাহবাগে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন তাঁরা।
সমাবেশে এই অংশের নেতা কামাল পাশা চৌধুরী একমাত্র বক্তা ছিলেন।
সমাবেশে অন্যদের মধ্যে গণজাগরণ মঞ্চের দুই সংগঠক ‘গৌরব-৭১’-এর সাধারণ সম্পাদক এফ এম শাহীন, হাবিবুল্লাহ মিজবাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
৩ এপ্রিল এই দুই অংশের কর্মীদের মধ্যে মারামারি, পাল্টাপাল্টি অভিযোগ ও মামলার ঘটনা ঘটে।