
রাজধানীতে এক প্রকাশককে কুপিয়ে হত্যা এবং অপর এক প্রকাশকসহ দুই ব্লগারকে কুপিয়ে ও গুলি করে গুরুতর জখম করার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন সংগঠন। একই সঙ্গে এ দুই ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানানো হয়েছে। এ ঘটনার প্রতিবাদে আজ রোববার সারা দেশে বিক্ষোভ সমাবেশের আহ্বান জানিয়েছে গণজাগরণ মঞ্চ। কেন্দ্রীয়ভাবে বেলা তিনটায় শাহবাগে বিক্ষোভ সমাবেশ হবে।
ঘটনার পর গতকাল শনিবার রাতে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল বের করে গণজাগরণ মঞ্চ। মিছিল শেষে শাহবাগের আজিজ সুপার মার্কেটের সামনে মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন। তিনি সরকারকে উদ্দেশ করে বলেন, ‘সবার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে আপনারা ক্ষমতা ছেড়ে চলে যান।’
এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে গণজাগরণ মঞ্চের কর্মী-সংগঠকেরা আজিজ মার্কেটের সামনে যান। ইমরান বলেন, এসব ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ব্যর্থতা রয়েছে, তা স্পষ্ট। এটা ভাবার কোনো কারণ নেই যে এটা শুধু প্রকাশকদের ওপর হামলা; বরং এ মুহূর্তে এ দেশে কেউ নিরাপদ নয়। তিনি বলেন, আগে ব্লগারদের হত্যা করা হচ্ছিল, এখন মুক্তমনা প্রকাশকদেরও হত্যা করা হচ্ছে। বিদেশি নাগরিক কিংবা মায়ের পেটের শিশু—কেউই রক্ষা পাচ্ছে না। প্রতিবাদে শুধু ছাত্র-লেখক-প্রকাশকদের বেরোলে হবে না, সবাইকে রাজপথে প্রতিবাদ গড়ে তুলতে হবে।
এক বিবৃতিতে প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। অপর বিৃবতিতে জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমর এবং সম্পাদক ফয়জুল হাকিম হামলার নিন্দা জানিয়ে এ ঘটনাকে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির গভীর চক্রান্ত বলে আখ্যায়িত করেন।
এ ছাড়া বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী) এক বিবৃতিতে হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছে।