আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপিসহ ১৮ দল নতুন প্রজন্মের গণজাগরণ দেখে ভয়ে কর্মসূচি বাতিল করেছে। যুদ্ধাপরাধীদের আর কেউ রক্ষা করতে পারবে না। বিএনপি-জামায়াতের ‘নৈরাজ্যের’ প্রতিবাদ ও যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে গতকাল শনিবার বিকেলে রংপুর টাউন হল মাঠে ১৪ দলের জনসভায় হানিফ এসব কথা বলেন। বিএনপির নেতা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাবে আওয়ামী লীগের নেতা হানিফ বলেন, তিনি জাতির সামনে মিথ্যাচার করছেন। রাজাকারদের পক্ষ নিয়ে তিনি যেভাবে চলছেন, তাতে আগামী দিনে রাজনীতি করতে পারবেন না। যুদ্ধাপরাধীদের বাঁচানোর চেষ্টা করে বিএনপি আর মানুষের হূদয়ে স্থান পাবে না। হানিফ বলেন, বিদেশি পত্রিকায় নিবন্ধ লিখে খালেদা জিয়া দেশকে ছোট করেছেন। তিনি নিবন্ধে স্বাধীনতাবিরোধীদের ধন্যবাদ জানিয়েছেন। দেশকে ব্যর্থ রাষ্ট্র বলে উল্লেখ করেছেন। এ জন্য খালেদা জিয়াকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল মনসুর আহমেদের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ।