গণতদন্ত কমিটি গঠন, ৩০ অক্টোবর গণশুনানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের তদন্ত করতে বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকদের নিয়ে ১৭ সদস্যবিশিষ্ট একটি ‘গণতদন্ত’ কমিটি গঠন করা হয়েছে।
গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) শিক্ষক লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এই গণতদন্ত কমিটি ঘোষণা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আনু মুহাম্মদ। তিনি নিজে এই কমিটির আহ্বায়ক।
আনু মুহাম্মদ বলেন, ২৩ অক্টোবরের মধ্যে এ কমিটি বিস্তারিত কার্যক্রম পরিচালনার দিক নির্ধারণ করবে। ৩০ অক্টোবর টিএসসিতে গণশুনানির আয়োজন করা হবে। ওই গণশুনানিতে সবাই অংশগ্রহণ ও নিজস্ব বক্তব্য দিতে পারবেন। সরকার চাইলে তাদের প্রতিনিধিও পাঠাতে পারে। আগামী ২০ নভেম্বর জনসম্মুখে এই তদন্তের প্রতিবেদন দেওয়া হবে।
কমিটির অন্য সদস্যরা হলেন লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ, প্রকৌশলী ম এনামুল হক, অধ্যাপক এ এন রাশেদা, অধ্যাপক আহমেদ কামাল, অধ্যাপক গীতি আরা নাসরীন, শিক্ষক মোশাহিদা সুলতানা, সামিনা লুৎফা ও শিক্ষক তানজিম উদ্দিন খান, চিকিৎসক ফজলুর রহমান, শাকিল আকতার, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ ফিদা হক, সাংবাদিক আবু সাঈদ খান, আইনজীবী সারা হোসেন, জ্যোতির্ময় বড়ুয়া ও শিল্পী মাহমুদুজ্জামান বাবু ও রাখাল রাহা।
আনু মুহাম্মদ বলেন, গণতদন্ত কমিটির কাজ হবে প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে শিক্ষার্থীরা যে অভিযোগ তুলেছে, তার সত্যতা নিরূপণ; প্রশ্নপত্র ফাঁস নিয়ে বিভিন্ন গণমাধ্যমে যেসব প্রতিবেদন প্রকাশিত হয়েছে, সেগুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের চেষ্টা; প্রশ্ন প্রণয়ন ও ভর্তি ব্যবস্থাপনা যেভাবে হয়েছে, তার দুর্বল দিকগুলো পর্যালোচনা এবং এর মধ্যে কী কী ঘটনা ঘটেছে, তা পর্যালোচনা করা।
যেহেতু সরকার দাবি করছে প্রশ্ন ফাঁস হয়নি, তারা গণশুনানিতে সপক্ষের যুক্তিগুলো নিয়ে এলে সেগুলো শোনা হবে বলে জানান আনু মুহাম্মদ। তিনি বলেন, সরকার যখন কোনো কাজে ব্যর্থ হয়, সাংবিধানিকভাবে জনগণের সার্বভৌম এখতিয়ার আছে সেটি সম্পূর্ণ করার। সে দায়িত্ববোধ থেকে এই কমিটি গঠন করা হয়েছে।