মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তদন্তে গঠিত গণতদন্ত কমিটি বসছে আজ শুক্রবার। বিকেল চারটায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে দেশবাংলা ভবনের তৃতীয় তলায় তদন্ত কমিটি গণশুনানি করবে।
গতকাল বৃহস্পতিবার মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁস-বিষয়ক গণতদন্ত কমিটির আহ্বায়ক আনু মুহাম্মদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত ১৮ সেপ্টেম্বর থেকে মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার পর থেকেই প্রশ্ন ফাঁসের অভিযোগে আন্দোলন চলছে। আন্দোলনরত শিক্ষার্থী-অভিভাবকেরা তাঁদের অভিযোগ এবং প্রশ্ন ফাঁসের বিভিন্ন তথ্যাদি বিভিন্ন গণমাধ্যমের সামনে উত্থাপন করেছেন। আমাদের প্রত্যাশা ছিল সরকারের পক্ষ থেকে তাঁদের কথাগুলো শোনা হবে এবং অভিযোগগুলোর সত্যতা নিরূপণে একটি তদন্ত কমিটি গঠিত হবে।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কিন্তু শিক্ষার্থীদের আমরণ অনশনের পরও সরকারের পক্ষ থেকে তাঁদের সঙ্গে যোগাযোগ করা হয়নি বা তাঁদের কথাগুলো শোনার প্রয়োজন বোধ করেনি। এমতাবস্থায় নাগরিক সমাজের পক্ষ থেকে শিক্ষার্থীদের জীবন রক্ষার্থে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমন্বয়ে এই গণতদন্ত কমিটি করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন ড. আহমেদ কামাল, চিকিৎসক ফজলুর রহমান, সাংবাদিক ও লেখক সৈয়দ আবুল মকসুদ, অধ্যাপক গীতি আরা নাসরিন, অধ্যাপক ডা. শাকিল আক্তার, প্রকৌশলী ম এনামুল হক, সাংবাদিক আবু সাঈদ খান, শিক্ষাবিদ এ এন রাশেদা, আইনজীবী সারা হোসেন, আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া, শিক্ষক তানজিম উদ্দিন খান, সামিনা লুৎফা, মোশাহিদা সুলতানা, প্রকৌশলী ফিদা হক, শিল্পী মাহমুদুজ্জামান বাবু ও রাখাল রাহা।