গণতদন্ত কমিশন গঠনের দাবি ড. কামালের
বৌদ্ধমন্দির ও বসতিতে সন্ত্রাসী হামলার ঘটনার লোক দেখানো তদন্ত বাদ দিয়ে গণতদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ড. কামাল এ দাবি জানান। কক্সবাজারের রামুসহ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে আসা ড. কামাল বলেন, রামুর ঘটনায় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সময়মতো ঘটনাস্থলে না গিয়ে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। আগে থেকে আভাস পাওয়ার পরও তিন ঘণ্টার মধ্যে ঘটনাস্থলে তিনজন পুলিশ ছাড়া কেউই যায়নি। দমকল বাহিনীর পৌঁছাতে সময় লেগেছে তিন-চার ঘণ্টা। সংবাদ সম্মেলনে লেখক ও সাংবাদিক সৈয়দ আবুল মকসুদ বলেন, বৌদ্ধমন্দিরে ও বসতিতে এই হামলা সাম্প্রদায়িক নয়, এটা রাজনৈতিক।৩০০ শিক্ষকের নিন্দা: বৌদ্ধ সম্প্রদায়ের ওপর হামলার ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন ৩০০ জন শিক্ষক। বিবৃতিদাতা শিক্ষকদের মধ্যে রয়েছেন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, অধ্যাপক সহিদ আখতার হুসাইন, অধ্যাপক কামাল উদ্দীন, অধ্যাপক এস এম ইমামুল হক, অধ্যাপক আ ব ম ফারুক, অধ্যাপক আখতারুজ্জামান, অধ্যাপক মাহবুবা নাসরীন, অধ্যাপক গোলাম মোহাম্মদ ভূঁইয়া, অধ্যাপক অজয় কুমার দাস প্রমুখ।মানববন্ধন-সভা: এ ঘটনার তদন্তে বিচার বিভাগীয় কমিশন গঠনের দাবি জানিয়েছে গণতান্ত্রিক বাম মোর্চা। গতকাল মোর্চার তোপখানার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ দাবি জানানো হয়। এ ছাড়া রামুর ঘটনার প্রতিবাদে গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে কর্মজীবী নারী। জাহাঙ্গীরনগরে আজ শান্তি মিছিল: বৌদ্ধ সম্প্রদায়ের ওপর হামলার ঘটনার প্রতিবোদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের সামনে আজ সকাল ১০টায় শান্তি মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।