বিএনপির গঠিত গণতদন্ত কমিশন গতকাল শুক্রবার সিরাজগঞ্জের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছে। তারা ওই ঘটনার প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট কয়েকজনের সাক্ষ্য নিয়েছে। পরে পুলিশ, প্রশাসন ও রেলওয়ের কর্মকর্তাদের সাক্ষ্য নেওয়া হবে বলে জানিয়েছেন দলের এক সদস্য।সিরাজগঞ্জে ছাত্র-গণজমায়েতে ট্রেনে কাটা পড়ে সাতজনের মৃত্যু এবং ট্রেনে অগ্নিসংযোগ, লুটপাট ও হামলার ঘটনায় এই তদন্ত কমিশন গঠন করা হয়। নয় সদস্যের তদন্ত দলের মধ্যে সাতজন এ সময় উপস্থিত ছিলেন।তদন্ত দল শিয়ালকোল, ভদ্রঘাট ও বানিয়াপট্টি এলাকায় প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য গ্রহণ করে। বিকেল পাঁচটার দিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে তাঁরা ঢাকায় ফিরে আসেন। এর আগে বিকেল চারটায় জেলা আইনজীবী সমিতির সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করেন। গতকাল ৪৮ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে বলে দলের এক সদস্য প্রথম আলোকে জানিয়েছেন। সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও গণতদন্ত কমিশনের প্রধান খন্দকার মাহবুব হোসেন বলেন, ১১ অক্টোবরের মর্মান্তিক ঘটনায় নিরপেক্ষ তদন্ত হচ্ছিল না। তখন বিরোধীদলীয় নেত্রীর নির্দেশে গণতদন্ত কমিশন গঠন করা হয়।সিরাজগঞ্জের জেলা আইনজীবী সমিতিতে আরও সাত দিন সাক্ষ্য গ্রহণ করা হবে বলে জানিয়েছেন খন্দকার মাহবুব হোসেন। তিনি জানান, ১৫ নভেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন খালেদা জিয়ার হাতে তুলে দেওয়া হবে। সংবাদ সম্মেলনে কমিশনের সদস্য জাতীয় প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এ বি এম ওবায়দুল করিম, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি সানাউল্লাহ্ মিয়া, পুলিশের সাবেক কর্মকর্তা মো. আখতার আলী, মানবাধিকার কর্মী ফাহিমা নাসরিন, সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি ইসমাইল হোসেন উপস্থিত ছিলেন।