গণতন্ত্র অবরুদ্ধ, মানবাধিকার ভূলুণ্ঠিত: আমানউল্লাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান বলেছেন, গণতন্ত্র অবরুদ্ধ, মানবাধিকার ভূলুণ্ঠিত। এ দেশের মানুষের কোনো নিরাপত্তা নেই। গুম-খুনে ছেয়ে গেছে সারা দেশ।
আজ শুক্রবার কেরানীগঞ্জ মডেল থানাধীন পারজোয়ার কালিন্দি বহুমুখী উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক মিলাদ মাহফিল ও কাঙালিভোজ অনুষ্ঠানে আমান এসব কথা বলেন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আমান অভিযোগ করে বলেন, বর্তমান সরকার সারা দেশে স্বৈরাচারী শাসন ও একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছে। এ স্বৈরাচারী শাসন থেকে বেরিয়ে আসতে হলে জনগণের আন্দোলনের বিকল্প নেই। দেশনেত্রী খালেদা জিয়া দেশের মানুষকে নিয়ে আন্দোলনের মাধ্যমে এই স্বৈরাচার ও একনায়কতন্ত্র সরকারের পতন ঘটাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে এ সময় আরও উপস্থিত ছিলেন কালিন্দি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান, মমতাজ উদ্দিন, সাজেদুর রহমান, হাজি নাসিম ও বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।