পঁচাত্তর সালে ঘাতকেরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং চার নেতাকেই শুধু খুন করতে চায়নি, তারা একই সঙ্গে দেশের গণতন্ত্র ও আওয়ামী লীগকে হত্যা করতে চেয়েছিল। গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম নগরের আন্দরকিল্লার দলীয় কার্যালয়ে দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত জেল হত্যা দিবসের আলোচনা সভায় এ কথা বলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন। তিনি আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীরও সদস্য।
দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন সাধারণ সম্পাদক মফিজুর রহমান ও সাংসদ ওয়াসিকা আয়েশা খান।
অনুপম সেন বলেন, ঘাতকেরা বাংলাদেশকে পিছিয়ে দিতে চেয়েছিল। কিন্তু বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে এখন বাংলাদেশ।
মোছলেম উদ্দিন আহমদ বলেন, বঙ্গবন্ধুর অবর্তমানে তাঁর আদর্শের সঙ্গে বেইমানি করেননি জাতীয় চার নেতা।
মফিজুর রহমান বলেন, বাঙালি জাতির ইতিহাসে জাতীয় চার নেতার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
ওয়াসিকা আয়েশা খান বলেন, জেলখানার এই নিষ্ঠুর হত্যাযজ্ঞ স্বাধীনতাযুদ্ধে পরাজিত অপশক্তিরা ঘটিয়েছে। পঁচাত্তরের পর বঙ্গবন্ধুর নাম-নিশানা ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা হয়েছিল।
নগর আওয়ামী লীগ: জেল হত্যা দিবস উপলক্ষে চট্টগ্রাম নগর আওয়ামী লীগ গতকাল বিকেলে শহীদ মিনার চত্বরে আলোচনা সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। আলোচনায় অংশ নেন নগর আওয়ামী লীগের সহসভাপতি মাহতাবউদ্দিন চৌধুরী ও খোরশেদ আলম এবং সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার পর বাঙালি জাতিসত্তাকে চিরতরে নিশ্চিহ্ন করতে ৩ নভেম্বর জাতীয় চার নেতাকে মোশতাক-জিয়া পরিকল্পিতভাবে হত্যা করেছিল। কিন্তু তাদের সেই পরিকল্পনা সফল হয়নি। যারা বঙ্গবন্ধু ও আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল তারাই আজ নিশ্চিহ্ন হয়ে গেছে।’
আ জ ম নাছির উদ্দীন বলেন, বাংলাদেশ এখন আর গরিব রাষ্ট্র নয়, উন্নয়ন সম্ভাবনায় সফল রাষ্ট্রে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে চলেছেন।
কোতোয়ালি থানা আওয়ামী লীগ: জেল হত্যা দিবসে গতকাল দুপুরে দারুল ফজল মার্কেটে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে কোতোয়ালি থানা কমিটি। এতে বক্তব্য দেন কমিটির সভাপতি ফিরোজ আহমেদ, সাধারণ সম্পাদক আবুল মনসুরসহ থানা কমিটির নেতারা।