গণতন্ত্র ও জনগণের সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বব্যাপী গণতন্ত্রের সঙ্গে জনগণের সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠায় সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর অঙ্গীকার করেছেন প্রায় ১৪০টি দেশের পার্লামেন্ট নেতারা। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সম্প্রতি সমাপ্ত এই নেতাদের তিন দিনের এক শীর্ষ সম্মেলনের ঘোষণায় এ অঙ্গীকার করেছেন তাঁরা।

পার্লামেন্টের স্পিকারদের চতুর্থ এ বৈশ্বিক শীর্ষ সম্মেলনে অংশ নিয়েছিলেন ১৭০ জনের বেশি স্পিকার ও ডেপুটি স্পিকার। সম্মেলনে নেতারা এই মত প্রকাশ করেন যে গণতন্ত্র, শান্তি ও উন্নয়ন ক্ষুণ্নকারী অসংখ্য চ্যালেঞ্জ উতরে জনগণের প্রত্যাশিত বিশ্ব গড়তে অসামান্য প্রচেষ্টার প্রয়োজন।

বিভিন্ন দেশের আইনসভার জোট ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সভাপতি সাবের হোসেন চৌধুরী বলেন, ‘বিশ্ব এখন এক সন্ধিক্ষণে রয়েছে। আমরা ও আমাদের এ পৃথিবী যে বিরাট চ্যালেঞ্জের মুখোমুখি, তা ভীতিকর। এখান থেকে বেরিয়ে আসার সমাধান আমাদের বের করতেই হবে। যে বহুবিধ সংকট আমাদের হুমকিতে ফেলেছে, তাতে রাজনৈতিক নেতারা কীভাবে সাড়া দেন, তা আমাদের ভবিষ্যতের জন্য সম্ভবত যেকোনো সময়ের চেয়ে এখন গুরুত্বপূর্ণ।’

শীর্ষ সম্মেলন শেষে দেওয়া উচ্চাকাঙ্ক্ষী ও সুদূরপ্রসারী ঘোষণায় পার্লামেন্ট নেতারা প্রতিশ্রুতি দেন, পার্লামেন্টকে তাঁরা জনগণের কাছাকাছি নিয়ে আসবেন।

গণতন্ত্র ও জনগণের সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠায় নেতারা ক্রান্তিকালে অবস্থানকারী দেশগুলোর সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার, সামাজিক ন্যায়বিচার, সুশাসন, মানবাধিকারের প্রতি সম্মান, বাক্‌ ও সমাবেশের স্বাধীনতার প্রয়োজনীয়তার প্রতিও জোর দেন।

স্পিকাররা পার্লামেন্টকে আরও প্রতিনিধিত্বশীল, জবাবদিহিমূলক ও স্বচ্ছ করতে প্রচেষ্টা চালানোরও অঙ্গীকার করেন। তাঁরা মত দেন, ২০১০ সালে অনুষ্ঠিত সম্মেলনের পর পার্লামেন্টে নারী প্রতিনিধিত্ব বাড়ানোর প্রতিশ্রুতিতে কিছু অগ্রগতি হলেও এর গতি সার্বিকভাবে অগ্রহণযোগ্য।

প্রসঙ্গত, আইপিইউর প্রেসিডেন্ট হিসেবে সাবের হোসেনকে নিউইয়র্কে ২৫ থেকে ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠেয় জাতিসংঘ শীর্ষ সম্মেলনে ভাষণ দেওয়ার এবং সদ্যসমাপ্ত চতুর্থ বিশ্ব স্পিকার সম্মেলনের ওপর প্রতিবেদন পেশের আমন্ত্রণ জানিয়েছে সাধারণ পরিষদ।