গণতন্ত্র ও বিচারিক স্বৈরশাসন একত্রে চলতে পারে না: সুরঞ্জিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচার বিভাগের দায়বদ্ধতা সম্পর্কে প্রধান বিচারপতির বক্তব্যকে অসংগতিপূর্ণ বলে মন্তব্য করেছেন আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি বলেন, সংবিধান অনুযায়ী সংসদ সার্বভৌম। তবে পঞ্চম সংশোধনীর মাধ্যমে দেশে বিচারিক স্বৈরশাসন কায়েম করা হয়েছে। কিন্তু গণতন্ত্র ও বিচারিক স্বৈরশাসন একসঙ্গে চলতে পারে না। গতকাল শুক্রবার নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সুরঞ্জিত সেনগুপ্ত এ কথা বলেন। সম্প্রতি প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক বলেছেন, দেশের সংসদ সার্বভৌম নয়। বিচার বিভাগ দেশের জনগণ ও সৃষ্টিকর্তার কাছে দায়বদ্ধ থাকবে। প্রধান বিচারপতির এ ধরনের বক্তব্যকে ‘ভ্রান্তি বিলাস’ মন্তব্য করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘প্রধান বিচারপতি মন্তব্য করেছেন যে রাষ্ট্রের আইনসভা, বিচার বিভাগ ও নির্বাহী বিভাগ কেউ কারও ওপরে নয়। একে অপরের পরিপূরক। তবে কেউই বিচার বিভাগের ঊর্ধ্বে নয়। আবার তিনিই বলেছেন, দেশের মালিক জনগণ। প্রধান বিচারপতির এ বক্তব্য স্ববিরোধী ও অসংগতিপূর্ণ।’ সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, প্রধান বিচারপতির বক্তব্য অনুযায়ী জনগণ সার্বভৌম ক্ষমতার মালিক হলে, সেটার প্রয়োগ কীভাবে হবে? সংবিধান বলে জাতীয় সংসদ জনগণের প্রতিনিধিত্ব করে। সুতরাং সংসদ সার্বভৌম। জনগণের কাছে দায়বদ্ধ হওয়া মানেই সংসদের কাছে দায়বদ্ধ হওয়া।রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, নির্বাচন কমিশনারসহ কোনো সাংবিধানিক পদই আইনের ঊর্ধ্বে নয় বলে সুরঞ্জিত সেনগুপ্ত মনে করেন। তিনি বলেন, এসব সাংবিধানিক পদের অধিকারীদের অপসারণ করার ক্ষমতাও সংসদের আছে। নির্বাহী বিভাগও সংসদের কাছে দায়বদ্ধ। তবে বিচারিক ক্ষমতার ক্ষেত্রে বিচারপতিরা সার্বভৌম। কোনো বিচারক ভুল করলে উচ্চ আদালত তা সংশোধন করার ক্ষমতা রাখেন। কিন্তু শপথ অনুযায়ী তাঁদের অবশ্যই দায়বদ্ধতা আছে। সুরঞ্জিত বলেন, বিচারপতিদের অপসারণ করার সুস্পষ্ট বিধান ১৯৭২ সালের সংবিধানের ৯৬ অনুচ্ছেদে ছিল। পঞ্চম সংশোধনীর মাধ্যমে তখন দুই প্রধান সামরিক আইন প্রশাসক জিয়াউর রহমান ও বিচারপতি আবু সায়েম যুক্তি-পরামর্শ করে বিচারপতিদের অপসারণে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের বিধান সংবিধানে যুক্ত করেন। বিচারপতিদের জবাবদিহির বাইরে রাখার জন্যই প্রধান বিচারপতি তাঁর রায়ে পঞ্চম সংশোধনীর সব কিছু অবৈধ ঘোষণা করলেও ৯৬ অনুচ্ছেদ বহাল রেখেছেন। তিনি বলেন, বাহাত্তরের সংবিধানের ৯৬ অনুচ্ছেদ (যা পঞ্চম সংশোধনীতে বাতিল হয়) না থাকলে সংবিধানের মৌল ভিত্তিতে আঘাত হানা হবে। এমন বিকলাঙ্গ সংবিধান আমরা চাই না। প্রয়োজনে সংসদের মাধ্যমে এটিকে ফিরিয়ে আনার প্রস্তাব করা হবে। কারণ, জুডিশিয়াল কাউন্সিল বিচারিক স্বৈরশাসনের সমার্থক। এটি গণতন্ত্রের পরিপন্থী।