অধ্যাপক মোজাফ্ফর আহমদ মনে করতেন গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা অসম্ভব নয়। তবে তার জন্য প্রয়োজন সুশিক্ষা।
প্রয়াত এই অর্থনীতিবিদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মারক বক্তৃতায় বিশিষ্ট লেখক সৈয়দ আবুল মকসুদ মোজাফ্ফর আহমদ সম্পর্কে এ কথা বলেন।
গতকাল শনিবার বিকেলে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে মোজাফ্ফর আহমদের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা ও স্মারক বক্তৃতার আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)।
‘বাংলাদেশের শিক্ষাব্যবস্থার অতীত ও বর্তমান’ শীর্ষক স্মারক বক্তৃতায় সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘মোজাফ্ফর আহমদ গণতন্ত্র ও সুশাসন নিয়ে ভেবেছেন। তিনি মনে করতেন গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা অসম্ভব নয়। তবে তার জন্য প্রয়োজন সুশিক্ষা।’
মানসম্মত ও প্রগতিশীল শিক্ষার বিষয়ে মোজাফ্ফর আহমদের কর্মতৎপরতার প্রসঙ্গ উল্লেখ করে আবুল মকসুদ আরও বলেন, ‘তিনি চেয়েছেন দুর্নীতিমুক্ত প্রশাসন ও দূষণমুক্ত পরিবেশ।’
অ্যাডভোকেট সুলতানা কামালের সভাপতিত্বে ও বাপার যুগ্ম সম্পাদক ইকবাল হাবিবের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, মোজাফ্ফর আহমদের সহধর্মিণী অধ্যাপক
রওশন জাহান, সাবেক ব্যাংকার খোন্দকার ইব্রাহিম খালেদ এবং বাপার সাধারণ সম্পাদক মো. আবদুল মতিন।।
ইফতেখারুজ্জামানের বক্তব্যে দুর্নীতিবিরোধী আন্দোলনে মোজাফ্ফর আহমদের আপসহীন ও সাহসী ভূমিকার প্রসঙ্গ উঠে আসে। অধ্যাপক রওশন জাহান বলেন, দেশ, সমাজ ও রাষ্ট্র নিয়ে তাঁর (মোজাফ্ফর আহমদ) ভাবনার চর্চা শুধু সংগঠনের ভেতরে সীমাবদ্ধ ছিল না। এটি তিনি পারিবারিক পর্যায়েও সঞ্চারিত করেছিলেন।
বক্তাদের অভিমত, সুশাসনের জন্য নাগরিক সমাজের যে আন্দোলন, মোজাফ্ফর আহমদের প্রয়াণে তা ক্ষতিগ্রস্ত হয়েছে। বক্তব্য শেষে শিশু-কিশোরদের উপযোগী করে লেখা তাঁর একটি জীবনীগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। এ ছাড়া বাপার পক্ষ থেকে তাঁর স্মৃতি রক্ষার্থে একটি স্মৃতি সংসদ গঠনের প্রস্তাবও করা হয়।