গণতন্ত্র, সুশাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা করতে প্রথম আলো সহযাত্রীর ভূমিকা পালন করছে। প্রথম আলোর এই ভূমিকা আরও জোরদার করতে হবে। গত শনিবার রাতে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারে ‘পাঠকের মুখোমুখি প্রথম আলো’ অনুষ্ঠানে বক্তারা এমন আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শুরুতে প্রথম আলোর নির্মিত প্রামাণ্য ভিডিও চিত্র দেখানো হয়। ভিডিও চিত্র দেখে বক্তারা প্রথম আলোর উদ্যোগ সম্পর্কে ইতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এর আগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে পঞ্চগড়-১ আসনের সাংসদ নাজমুল হক প্রধান বলেন, ‘প্রথম আলো নামের সঙ্গে আগে থেকেই পরিচিত। যখন কলকাতার একজন সম্পাদক প্রথম আলোর প্রশংসা করেন, তখন বুকটা আনন্দে ভরে ওঠে। প্রথম আলো যে ভূমিকা রাখছে, সেটা অব্যাহত রাখুক। প্রথম আলোর অগ্রযাত্রা অব্যাহত থাকুক—এই কামনা করি।’
কলেজশিক্ষক এমরান আল আমিন বলেন, ‘বদলে যাও, বদলে দাও, পথ হারাবে না বাংলাদেশ—এমন স্লোগান আমাদের উজ্জীবিত করে। আমরা চাই কৃষকের কথা আরও বেশি করে তুলে ধরবে প্রথম আলো। ভবিষ্যতে এমন স্লোগান নিয়ে প্রথম আলো হাজির হবে, যাতে পুরো বাংলাদেশের চিত্র বদলে যাবে। প্রথম আলোর কাছে এমনই প্রত্যাশা আমাদের।’
উদীচীর সভাপতি মো. শফিকুল ইসলাম বলেন, ‘নায়কের পাশাপাশি অনেক খলনায়ক তৈরি হচ্ছে। এসব খলনায়কের বিরুদ্ধে প্রথম আলো কলম ধরবে।’
জেলা আইনজীবী সমিতির সভাপতি মির্জা নাজমুল ইসলাম বলেন, যারা নিভৃতে দেশকে আলোকিত করার কাজ করছে, প্রথম আলো তাদের সামনে তুলে এনেছে।
জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মির্জা আবুল কালাম বলেন, ‘কওমি মাদ্রাসা সম্পর্কে লেখা চাই।’
অনুষ্ঠানে জেলা নাট্য সমিতির সভাপতি মিজানুর রহমান, নজরুল পাঠাগারের সাধারণ সম্পাদক মখলেছুর রহমান, কলেজশিক্ষক নাসিমা হক, শেখ সাজ্জাদ হোসেন, সংস্কৃতিকর্মী লুৎফুল কবীর, সিপিবির সাধারণ সম্পাদক রেজাউল, শিশুবিষয়ক কর্মকর্তা আকতারুজ্জামান, যমুনা টিভির প্রতিনিধি এস এ মাহমুদ বক্তব্য দেন।
পাঠকদের জবাবে প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান বলেন, ‘প্রথম আলো বহু মতকে ধারণ করে। ভুল করলে স্বীকার করে। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের পক্ষে, গণতন্ত্র, সুশাসন ও মানবাধিকার বিষয়ে প্রথম আলোর অবস্থান পরিষ্কার। আমরা পাঠকের চাহিদা, অনুভূতি, প্রতিক্রিয়া জানতে “ডোর টু ডোর” কর্মসূচি নিয়েছি। পঞ্চগড়ে এই কর্মসূচি চলমান। এই কর্মসূচি সফল করতে পাঠকের মুখোমুখি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।’
অনুষ্ঠানে প্রথম আলোর মহাব্যবস্থাপক (বিপণন) এ বি এম জাকারিয়া, ব্যবস্থাপক (বিপণন) আমিরুল হক উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলোর পঞ্চগড় প্রতিনিধি শহীদুল ইসলাম।