গণতন্ত্র ও সুশাসনের বিকাশে নতুন প্রজন্মই ভরসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের সমাজ ও অর্থনীতিতে গত ৫০ বছরে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তবে সুশাসন ও গণতন্ত্রের সংকটের সমস্যা এখনো আছে। নতুন বৈশ্বিক পরিস্থিতিতে এর উত্তরণ ঘটাতে হবে। নতুন প্রজন্মের জন্য মানসম্পন্ন শিক্ষা এখানে ভূমিকা রাখবে। নতুনদের মধ্যে ন্যায়বিচারের আগ্রহ আছে। ভবিষ্যৎ বাংলাদেশের গণতন্ত্র ও সুশাসন রক্ষায় তারাই ভরসা।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত সম্মেলনের চতুর্থ ও শেষদিনের আলোচনায় এসব কথা জানান বক্তারা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত এ অধিবেশনের আলোচ্য বিষয় ছিল ‘নয়া বিশ্বব্যবস্থায় বাংলাদেশ।’

আলোচকেরা শিক্ষা, স্বাস্থ্যসহ সামাজিক নানা সূচকে দেশের গত অর্ধশতকের অর্জন নিয়ে কথা বলেছেন। সেই সঙ্গে আগামী দিনের চ্যালেঞ্জগুলোর দিকে আলোকপাত করেছেন। এর সঙ্গে ছিল বৈশ্বিক পরিপ্রেক্ষিত। কারণ, এ ‘বিশ্ব গ্রামের’ মধ্যে বাংলাদেশ বিচ্ছিন্ন কোনো দ্বীপ নয়। আবার জলবায়ু পরিবর্তনের মতো সমস্যার একটি বৈশ্বিক রূপ আছে। এটি যেমন বাংলাদেশের জন্য একটি আগামীর চ্যালেঞ্জ, এ চ্যালেঞ্জের মুখে সারা বিশ্ব। তাই শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়ন নীতি—এসব কিছুর মধ্যেই নতুন ভাবনার উন্মেষের তাগিদও দেন আলোচকেরা।

আলোচনায় যাঁরা ছিলেন তাঁদের কেউ কেউ বাংলাদেশ নামের নবীন রাষ্ট্রটির জন্মের শুরুতেই এর উন্নয়ন প্রক্রিয়ায় ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। তাঁদের একজন নুরুল ইসলাম, স্বাধীন বাংলাদেশের প্রথম পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান ছিলেন। তিনি বাংলাদেশের স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধুর সঙ্গে তাঁর নিবিড় যোগাযোগের অভিজ্ঞতা তুলে ধরেন। নুরুল ইসলাম জানান, স্বাধীন বাংলাদেশে প্রথম অগ্রাধিকার ছিল পুনর্গঠন। বঙ্গবন্ধু সেই দিকেই দৃষ্টি নিবদ্ধ করেছিলেন। জনসংখ্যা সমস্যা, খাদ্য উৎপাদন বৃদ্ধি, খাদ্যের বিতরণব্যবস্থার এসব বিষয় ছিল প্রাধান্যের তালিকায়।
নুরুল ইসলাম বলেন, ‘স্বাস্থ্য, শিক্ষাসহ সামাজিক নানা সূচকে আমরা ভালো করেছি। এর সুফল অবশ্য সবাই সমান করে পায়নি। এখানে বৈষম্যের বিষয়টি আছে। আর এর সঙ্গে রাজনীতির সম্পর্ক রয়েছে। সুশাসন একটি বড় বিষয়, সন্দেহ নেই। এর সঙ্গে উন্নয়নের সম্পর্ক আছে।’

নুরুল ইসলাম জানান, তথ্য–উপাত্তের সঠিক প্রচারের দিকে সব সময় জোর দিতেন বঙ্গবন্ধু। আজ যাঁরা তাঁর উত্তরাধিকার আছেন, তাঁদের বিষয়টি মনে রাখতে হবে।
গতকালের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিপিডির চেয়ারম্যান রেহমান সোবহান। তিনি বাংলাদেশের প্রথম পরিকল্পনা কমিশনের সদস্য ছিলেন।

এই সম্মেলনের উদ্দেশ্য তুলে ধরে রেহমান সোবহান বলেন, ‘গত ৫০ বছরে বাংলাদেশের ঐতিহাসিক অগ্রযাত্রার দিকে অনুষ্ঠানের অংশগ্রহণকারী এবং সব দর্শককে উদ্দীপ্ত করাই এ সম্মেলনের মূল লক্ষ্য। আমাদের অর্জনগুলো থেকে উদ্দীপনা গ্রহণ আর আগামীর বাংলাদেশকে এগিয়ে নিতে সঠিক ভাবনার বিকাশ চাই। বঙ্গবন্ধুর সেই চাওয়া “আমাদের সংগ্রাম”কে “মুক্তির সংগ্রামের” দিকে নিয়ে যেতে এর চর্চা দরকার।’

তবে গত ৫০ বছরে বাংলাদেশের সামাজিক অগ্রগতির সঙ্গে তাল মেলবন্ধন হয়নি রাজনৈতিক উন্নয়নের। সে ক্ষেত্রে আমরা পিছিয়ে গেছি বলেই মন্তব্য করেন আলোচনার অন্যতম আলোচক সিপিডির সম্মানিত ফেলো রওনক জাহান। তিনি বলেন, ‘আমরা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ব্যর্থ হয়েছি। আমাদের শাসনব্যবস্থা আইনের শাসন, স্বচ্ছতা এবং দায়িত্বশীলতা তুলে ধরতে ব্যর্থ হয়েছে। গণতন্ত্রের মান উন্নয়নের এসবের কোনো বিকল্প নেই।’

গণতন্ত্রের জন্য জাতির জনক বঙ্গবন্ধুর দৃঢ় অঙ্গীকারের কথা তুলে ধরে রওনক জাহান বলেন, ‘একটি সাধারণ স্লোগানের মধ্যে বঙ্গবন্ধু তাঁর গণতান্ত্রিক লক্ষ্যকে তুলে ধরেছিলেন। তা হলো, ভাতের অধিকার, ভোটের অধিকার। সাধারণ মানুষের স্বার্থে, তাদের কণ্ঠ তুলে ধরতেই তিনি গণতন্ত্রের বিকাশ চেয়েছিলেন। আমরা স্বাধীনতার সময় ভেবেছিলাম, আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে গণতন্ত্র হাত ধরে চলবে, কিন্তু বাস্তবে তা হয়নি।’

রওনক জাহান গণতন্ত্রের নানা চ্যালেঞ্জ তুলে ধরেন। তিনি মনে করেন, সুশাসনের ক্ষেত্রে বা গণতন্ত্রের বিকাশে সাধারণ মানুষের সমর্থন রয়েছে। কিন্তু এখানে বড় প্রতিবন্ধকতা সেসব মানুষ, যাঁরা গত ৫০ বছরের রাজনীতিকে ব্যবহার করে বিপুল অর্থবিত্তের মালিক হয়েছেন।

এসব প্রতিবন্ধকতার মধ্যে অবশ্য রওনক জাহান আশার আলো দেখেন। সেই আশা নতুন প্রজন্মকে নিয়ে। তারা এখন বাংলাদেশে এমনকি সারা বিশ্বে গরিষ্ঠ কণ্ঠ। যারা উচ্চারণ করে, আমরা ন্যায়বিচার চাই। নবীনদের ন্যায়ের প্রতি এ স্পৃহাই আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ।

ভবিষ্যৎ ভরসার স্থল নতুন প্রজন্মের জন্য মানসম্পন্ন শিক্ষার প্রয়োজনীয়তার কথা বলেন অনুষ্ঠানের আলোচক লন্ডন স্কুল অব ইকনোমিকস অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সের ডিপার্টমেন্ট অব জেন্ডার স্টাডিজের নায়লা কবির। তিনি বলেন, শিক্ষার প্রতি দেশের সব মানুষের আগ্রহ প্রবল রয়েছে। শিক্ষার ক্ষেত্রে অবশ্য গুণগত উন্নয়নের চেয়ে পরিমাণগত উন্নতিতে আগ্রহ দেখা যায়, এর পরিবর্তন দরকার। শিক্ষার মধ্য দিয়ে সহিষ্ণুতা, বিশ্লেষণী ক্ষমতা, যুক্তিশীলতার বিস্তার ঘটাতে হবে। আগামীর প্রজন্মের জন্য এ ধারার শিক্ষা অপরিহার্য।

জাতিসংঘের সামাজিক ও অর্থনৈতিক পরিষদের ডেভেলপমেন্ট রিসার্চ ব্রাঞ্চের প্রধান এস নজরুল ইসলাম জানান, পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতার সঙ্গে তাল রেখে বাংলাদেশের অর্থনীতি ও রাজনৈতিক নীতি গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে। চতুর্থ শিল্পবিপ্লবের কথা বলা হচ্ছে। এর সঙ্গে তাল মেলানোর জন্য প্রয়োজনীয় শিক্ষা কাঠামো গড়ে তুলতে হবে। যার সুযোগ ধনী-গরিবনির্বিশেষে সবাই যেন পায়।
অনুষ্ঠানের আরেক আলোচক ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেন্ট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্টের পরিচালক সালিমুল হক জলবায়ু পরিবর্তনের মুখে থাকা বৈশ্বিক বাস্তবতার কথা বলেন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় ভুক্তভোগী দেশ বাংলাদেশ। বিশ্বের সব দেশকেই এর ফল ভোগ করতে হবে। তবে এ পরিবর্তনকে সমস্যা হিসেবে না দেখে সম্ভাবনা হিসেবে দেখতে হবে। নতুন প্রজন্মকে সেই বাস্তবতায় তৈরি করতে হবে।

চার দিনের অনুষ্ঠানের শেষে ধন্যবাদ জানান সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের কর্নেল ইউনিভার্সিটির সাউথ এশিয়া প্রোগ্রামের পরিচালক ইফতেখার দাদি। সিপিডি সম্মেলনটি আয়োজন করে কর্নেল ইউনিভার্সিটির সাউথ এশিয়া কর্মসূচির সহায়তায়।