গণতন্ত্র চর্চায় বলিষ্ঠ ভূমিকা চায় পাঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এগিয়ে যাওয়ার ১৬ বছর
এগিয়ে যাওয়ার ১৬ বছর

আগামীর বাংলাদেশে গণতান্ত্রিক চর্চা ও স্বাধীন সাংবাদিকতায় প্রথম আলোর বলিষ্ঠ ভূমিকাই পত্রিকাটির কাছে পাঠকের প্রত্যাশা। প্রথম আলোর ষোড়শ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার রাজধানীর বাংলা একাডেমিতে আয়োজিত পাঠকমেলায় পাঠকদের মুখোমুখি প্রশ্নোত্তর পর্বে এমন কথাই উঠে আসে। প্রায় ৫৫ মিনিটের এই পর্বে পাঠকদের প্রশ্ন, চাওয়া ও দাবি নিয়ে কথা বলেন পত্রিকার সম্পাদক মতিউর রহমান ও তাঁর সহকর্মীরা।
ঘড়ির কাঁটায় বিকেল পৌনে চারটা। পাঠকের মুখোমুখি হতে প্রথমেই মঞ্চে উঠে এলেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। ব্যতিক্রমী এই পর্বে পাঠকের জিজ্ঞাসার উত্তর দিতে এরপর একে একে মঞ্চে উঠে এলেন বিভিন্ন বিভাগের সম্পাদকেরা।
প্রথম আলোর পরামর্শক সম্পাদক কামাল আহমেদের সঞ্চালনায় পর্বটি শুরু হতেই দেখা গেল, পাঠকের জিজ্ঞাসার যেন অন্ত নেই। তাঁরা প্রশ্ন করলেন, সমাধান চাইলেন, পরামর্শ দিলেন। করলেন নানা দাবিও।
পাঠকেরা প্রথম আলো নিয়ে তাঁদের প্রাপ্তি-অপ্রাপ্তি, প্রত্যাশা নিয়ে কথা বললেন, প্রশ্ন করলেন। জানালেন, প্রিয় পত্রিকাটিতে তাঁরা কী দেখতে পান, কী দেখতে চান। তা ঁদের প্রশ্নগুলো ছুঁয়ে গেল রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, অপরাধ, দুর্নীতি থেকে শুরু করে খেলাধুলা পর্যন্ত।
শুরুতেই ঢাকা ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবদুল্লাহ আল মিজান জানতে চাইলেন, প্রথম আলোর ১ নম্বর হওয়ার রহস্য কী? সঙ্গে জিজ্ঞেস করলেন, বিভিন্ন বাধাবিপত্তিই বা প্রথম আলো কীভাবে সামলায়?
তাঁর এ জিজ্ঞাসার উত্তর মিলল সম্পাদক মতিউর রহমানের কাছে। তিনি বললেন, গোপন কোনো সূত্র নেই। শুরু থেকেই দলনিরপেক্ষ ও স্বাধীন সংবাদপত্র বের করার যে চেষ্টা ছিল, সে চেষ্টার ফলেই প্রথম আলো আজকের অবস্থানে।
জোরের সঙ্গে সত্য কথাটি বলা, সৎ থাকার চেষ্টা এবং বিনয় প্রথম আলোকে এত দূর নিয়ে এসেছে বলে জানালেন মতিউর রহমান। আর বাধাবিপত্তি মোকাবিলায় পাঠকের শক্তিই প্রথম আলোকে শক্তি জোগায় বলে জানালেন তিনি।

দিনভর বাংলা একাডেমিজুড়ে উল্লাস, হইচই করে বেড়ালেও প্রশ্নোত্তর পর্বে পাঠকেরা অংশ নিয়েছেন সুশৃঙ্খলভাবে। একে একে প্রশ্ন করেছেন। প্রশ্নের উত্তর পেয়ে করতালি দিয়ে জানিয়েছেন অভিবাদন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের শিক্ষার্থী মো. ইসলাম উদ্দিন প্রশ্ন করলেন ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে। তাঁর আক্ষেপ, জীবনে প্রথমবারের মতো ভোটার হলেও ভোট দিতে পারেননি। তাঁর জিজ্ঞাসা, সামনের দিনগুলোতে গণতান্ত্রিক চর্চায় প্রথম আলো কী ভূমিকা রাখবে। নির্বাচন নিয়ে প্রশ্ন করেছেন অনিন্দিতা নামের আরও একজন পাঠক। তাঁর অভিযোগ, প্রথম আলো ওই নির্বাচন নিয়ে কিছু বলে না কেন?
এ প্রশ্নের উত্তর দেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক। ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে তিনি প্রথম আলোর অবস্থান সম্পর্কে বলেন, প্রথম আলো মনে করে, নির্বাচনটি বৈধ হলেও এতে সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল না। এ নির্বাচনকে তাই ‘বিতর্কিত’, একতরফা’ ও ‘অস্বাভাবিক’ বলে প্রথম আলো। তবে প্রথম আলো দেশে হানাহানিও চায় না, সাধারণ মানুষের জীবন বিপন্ন করে—এমন কিছুও চায় না।
এরপর, পরামর্শক সম্পাদক কামাল আহমেদ বলেন, জন্মলগ্ন থেকেই প্রথম আলো গণতন্ত্রের প্রতি অঙ্গীকারবদ্ধ। গণতন্ত্রের অন্যতম একটি উপাদান হচ্ছে সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন। ভবিষ্যতেও প্রথম আলো একটি কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি তার সমর্থন অব্যাহত রাখবে।
শাহেদুল ইসলাম, সাবেক প্রবাসী। ৩০ বছর পর ফিরে এসেছেন দেশে। তিনি বললেন, দীর্ঘদিন বিদেশে থাকলেও সব সময়ই চেয়েছেন একদিন দেশে ফিরে আসবেন। বললেন, ‘আমার আজকের যা কিছু অর্জন, এ দেশের কারণেই’। তিনি আক্ষেপ করলেন দেশের বর্তমান অবস্থা নিয়ে। ‘দেশে ফিরে এসে দেখি, রাজনীতিতে দস্যু, ব্যবসায় দস্যু, প্রশাসনে দস্যু। চারদিকটাই দস্যুপনায় ভরে গেছে।’ জানতে চাইলেন প্রথম আলোতে ভূমিদস্যুদের বিজ্ঞাপন ছাপা হয় কেন?
উত্তরে প্রথম আলো সম্পাদক বললেন, প্রথম আলো অননুমোদিত ও কালো তালিকাভুক্ত কোনো আবাসন ব্যবসাপ্রতিষ্ঠানের বিজ্ঞাপন ছাপায় না। ভুল করে ছাপা হলেও পরে দুঃখ প্রকাশ করবে।
পর্বজুড়েই প্রশ্ন করার সুযোগ ছাড়তে চাননি কেউই। একটি প্রশ্নোত্তর শেষ হতেই অসংখ্য পাঠক হাত তুলেছেন প্রশ্ন করার সুযোগের জন্য।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাজমুস সাকিব জানতে চাইলেন, প্রথম আলোর প্রথম পাতায় এত বিজ্ঞাপন থাকে কেন? উত্তর দিলেন ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ। বললেন, স্বাধীন সাংবাদিকতার জন্য ব্যবসায়িকভাবে সফল হওয়ার বিকল্প নেই। হিসাব কষে দেখালেন, ছাপা পত্রিকার প্রতি কপিতে লোকসান হয় ১৪ টাকা। তাই বিজ্ঞাপন ছাপানোর বিকল্প নেই। তবে বিজ্ঞাপনের পরিমাণ নির্দিষ্ট সীমার মধ্যে রাখার চেষ্টা থাকে।
বিকেল পৌনে চারটায় শুরু হওয়া অনুষ্ঠান শেষ হওয়ার কথা ছিল সাড়ে চারটায়। কিন্তু তখনো পাঠকের অনেক প্রশ্ন। ফলে সময়ও বাড়াতে হলো। একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী মো. মইনুদ্দিন জানতে চাইলেন, যা কিছু ভালো, প্রথম আলো শুধু তার সঙ্গেই কেন? খারাপকে ভালো করার কাজ করে না কেন?
উত্তরে আনিসুল হক বললেন, প্রথম আলো ভালোদের সঙ্গে থাকে, থাকতে চায়। আর ‘বদলে যাও বদলে দাও’-এর মাধ্যমে নিজেকে বদলে দেওয়ার কথাও বলেছে। আবার এখন বলছে, ‘কালকের পৃথিবীটা আমাদের হবে’। এ জন্য মন্দকে ভালো করতে হবে। গতকাল জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের জয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এ জয় আমাদের আরও বেশি করে সাহস জোগাচ্ছে।’
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক রুমকি খান জানতে চাইলেন, বয়ঃসন্ধিকাল, সে সময়ের চিন্তাভাবনা, সমস্যা নিয়ে কোনো পাতা করা যায় কি না। এ প্রশ্নের উত্তর পাওয়া গেল ফিচার সম্পাদক সুমনা শারমীনের কাছে। তিনি জানালেন, এগুলো নিয়ে ‘অধুনা’ নামে একটি পাতা বের হয়। এখানে বিশেষজ্ঞরাই লেখেন। ভবিষ্যতে এদিকে আরও নজর দেওয়ার আশ্বাস দেন তিনি।
প্রশ্নোত্তর পর্বে দাবিদাওয়ার শেষ ছিল না পাঠকদের। কেউ যেমন শিক্ষার্থীদের জন্য কম খরচে প্রথম আলো দেওয়ার কথা বললেন; আবার ইতালিপ্রবাসী মো. সুলতান জিজ্ঞেস করলেন, মধ্যপ্রাচ্যের মতো ইউরোপের পাঠকেরাও কবে ছাপা প্রথম আলো পাবেন?
সাফায়েত আল সাকিন নামের এক পাঠক জানতে চাইলেন, খেলার ক্রোড়পত্র স্টেডিয়াম বন্ধ হলো কেন? ব্যাংক কর্মকর্তা শাকিল বললেন, ‘অনলাইনে পাঠক অভিযোগ জানাতে পারেন, এমন একটা ব্যবস্থা চাই।’
সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম, ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র, প্রধান বার্তা সম্পাদক লাজ্জাত এনাব মহছি ও বার্তা সম্পাদক (অনলাইন) সেলিম খান পাঠকের এসব জিজ্ঞাসার জবাব দেন।
সর্বশেষ প্রশ্নকর্তা হিসেবে সুযোগ পেয়ে এস এম আনোয়ার নামের এক পাঠক বললেন, ‘অনেকক্ষণ পরে পাইছি, এ জন্য দুইটা প্রশ্নই করতে হবে।’ তিনি জিজ্ঞেস করলেন, সাংবাদিকদের নিরপেক্ষ থাকার কথা। কিন্তু তাঁরাও বিভিন্ন দলের অনুসারী এবং বিভিন্ন অংশে বিভক্ত। এটি কেন? আর প্রথম আলো এঁদের কোন অংশে?
এ প্রশ্নের জবাবে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান বললেন, ‘এটি আমাদের দুর্ভাগ্য যে আমরা সব ক্ষেত্রেই বিভিন্ন অংশে বিভক্ত। আর প্রতিষ্ঠান হিসেবে প্রথম আলো কোনো অংশে নেই।’ তিনি আশাবাদ ব্যক্ত করলেন, সামনের দিনগুলোতেও প্রথম আলো পাঠকদের সঙ্গে নিয়ে নিরপেক্ষ সাংবাদিকতায় পথচলার চেষ্টা করবে।
৩৫ মিনিটের এই পর্ব সময় গড়িয়ে ৫০ মিনিটে পড়লেও পাঠকের প্রশ্ন শেষ হয় না। চারটা ৫০ মিনিটে যখন এই পর্বের ইতি টানার ঘোষণা দেওয়া হলো, তখনো অনেক পাঠক হাত তুলে প্রশ্ন করার সুযোগ চাইছিলেন। উপায়ান্তর না দেখে লিখিতভাবে প্রশ্ন জমা দেওয়ার অনুরোধ করলেন সঞ্চালক। পরে তাঁদের এসব প্রশ্নের উত্তর দেওয়া হবে বলে আশ্বস্ত করেই ইতি টানতে হয় প্রশ্নোত্তর পর্বের।