গণতন্ত্র চর্চায় কালীগঞ্জে ছাত্র পরিষদ নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণতন্ত্র চর্চায় দেশের অন্যান্য স্থানের মতো গাজীপুরের কালীগঞ্জে মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন স্কুল ও মাদ্রাসায় গতকাল বৃহস্পতিবার একযোগে ছাত্র পরিষদ(স্টুডেন্ট কেবিনেট) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে স্কুলের ছাত্রছাত্রীরা ভোট দিয়েছে।
নির্বাচন চলাকালে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পর্যবেক্ষণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মু. মুশফিকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর-ই-জান্নাত, বাংলাদেশ শিক্ষক সমিতি কালীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক তাপস কুমার দাস, মসলিন কটন মিলস উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. বিল্লাল হোসেন, পরিচালনা পর্ষদের সদস্য বেলায়েত হোসেন, কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান প্রমুখ।
গতকাল সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত বিরতিহীনভাবে দেশের ১৬ হাজার ৫০৭টি মাধ্যমিক বিদ্যালয় এবং ৬ হাজার ৪০২টি দাখিল মাদ্রাসায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়। আর ১ লাখ ৮৩ হাজার ২৭২টি পদের জন্য ২ লাখ ৭১ হাজার ২৯৯ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করে।
প্রাথমিক বিদ্যালয়ে ২০১০ সাল থেকে ছাত্র পরিষদ গঠন করা হলেও মাধ্যমিক স্তরে ২০১৫ সাল থেকে এ নির্বাচন হচ্ছে। তবে সিটি করপোরেশন ও উপনির্বাচন থাকা এলাকায় ছোটদের মন্ত্রিসভা গঠনের এ ভোট আগামী ৮ এপ্রিল হবে।
রাজনগর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেন বলেন, প্রতিটি মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসায় ছাত্রছাত্রীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত আটজন প্রতিনিধির সমন্বয়ে এক বছরের জন্য ছাত্র পরিষদ গঠিত হয়েছে।
মসলিন কটন মিলস উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী নিশাত রহমান বলে, নির্বাচন কমিশন, প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার, আইনশৃঙ্খলা রক্ষায় র্যা ব, পুলিশ, আনসার ও কমিউনিটি পুলিশের দায়িত্ব পালন করেছে শিক্ষার্থীরাই। এ বিষয়ে শিক্ষার্থীদের প্রশিক্ষণও দেওয়া হয়েছে। শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য ও অভিভাবকেরা সার্বিক সহযোগিতা করেন বলেও জানায় নিশাত।