ভোটকেন্দ্র, ব্যালট বাক্স, ব্যালট পেপার সবই আছে। নির্বাচন পরিচালনা ও আইনশৃঙ্খলার জন্য আছেন নির্বাচন কমিশনার, প্রিসাইডিং কর্মকর্তা ও নিরাপত্তাকর্মীরা। কেন্দ্রে কেন্দ্রে নিযুক্ত আছেন প্রার্থীদের পোলিং এজেন্ট। সব আয়োজনই জাতীয় নির্বাচনের মতো। তবে জাতীয় নির্বাচনের মতো উত্তেজনা দাঙ্গা-হাঙ্গামা নেই।
এটা রাজবাড়ীতে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনের চিত্র। জেলার ৪৮১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল বৃহস্পতিবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে কয়েক দিন ধরে প্রচার-প্রচারণা চালায় নির্বাচনের প্রার্থী খুদে শিক্ষার্থীরা।
সকাল নয়টা থেকে শুরু করে বেলা একটা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোট গ্রহণ। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ নির্বাচনে ভোটারদের ব্যাপক উপস্থিতি ঘটে।
সকালে ১০টায় গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের হাজী দুদুখানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ভোটারদের লম্বা সারি। ভোট দেওয়ার অপেক্ষায় চুপচাপ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে শিক্ষার্থীরা। দুটি কক্ষে ব্যালট পেপার, ব্যালট বাক্স ও গোপন বুথ তৈরি করা হয়েছে। ভোটকেন্দ্রের বাইরে মোতায়েন রয়েছে ‘আনসার’ সদস্যরা। তবে তারা আসলে স্কুলেরই শিক্ষার্থী।
এ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসরীন আকতার বলেন, ‘এসব কোমলমতি শিশুদের নির্বাচনের পরিবেশ দেখে নিজেদের মাথা অবনত করতে ইচ্ছা হয়। তাদের এমন সুশৃঙ্খলভাবে ভোট দেওয়া দেখে অনেক কিছু শেখার আছে। এখানে প্রকৃত গণতন্ত্রের চর্চা ফুটে উঠেছে বলে মনে করি।’
বেলা পৌনে ১২টার দিকে রাজবাড়ী শহরের টাউন মক্তব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেখা যায়, ভোট দেওয়ার জন্য কয়েক শ শিক্ষার্থী সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। স্বেচ্ছাসেবক কয়েকজন লম্বা এ লাইন ঠিকঠাক করে দিচ্ছে।
ভোট গণনা শেষে এ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণি থেকে হুমায়রা খান ও রাজিব হোসেন মিয়া, চতুর্থ শ্রেণি থেকে সৈয়দ ফেরদৌস ও নাহিয়ান আহনাফ এবং তৃতীয় শ্রেণি থেকে খোন্দকার আরেফিন হোসেন, নূর মোহাম্মদ ও ইনতেসার মাহফুজ নির্বাচিত হয়।
নির্বাচিত শিক্ষার্থীদের নেতৃত্বে নিজ নিজ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্যাপন, বিদ্যালয়ের আঙিনা, বাগান তৈরিসহ বিভিন্ন উন্নয়ন ও গঠনমূলক কর্মকাণ্ড পরিচালিত হবে।
রাজবাড়ী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, শিশুকাল থেকেই শিক্ষার্থীদের মাঝে গণতান্ত্রিক মনোভাব গড়ে তোলা এ নির্বাচনের লক্ষ্য।