গণতন্ত্র চাইলে জাতীয় চুক্তিতে সই করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে চুক্তি সই করতে হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, ‘আপনি (যদি) গণতন্ত্র চান, তাহলে এর সবচেয়ে বড় শত্রু জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা বর্জনে একটা জাতীয় চুক্তিতে স্বাক্ষর করুন।’
বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে গতকাল শুক্রবার সকালে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা পরিষদ মিলনায়তনে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। অনুষ্ঠান শুরুর আগে স্থানীয় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওই আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম।
ইনু বলেন, আরেকটা নির্বাচনের দাবি তোলার আগে দেশে গণতান্ত্রিক ব্যবস্থাকে নিরাপদ করা, জঙ্গিবাদ-সাম্প্রদায়িকতা ও যুদ্ধাপরাধীদের নিয়ে যে সমস্যা রয়েছে সেসব সমাধানে জাতীয় সংলাপ হওয়া প্রয়োজন।
ঈদের পর ২০-দলীয় জোটের আন্দোলন সম্পর্কে সরকারের এই মন্ত্রী বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় দাবি উত্থাপন, মিটিং-মিছিল করার রেওয়াজ আছে। মিটিং-মিছিল ঠেকানোর কোনো পরিকল্পনা সরকারের নেই। নাশকতা, বোমাবাজি, বাসে মানুষ পুড়িয়ে মারা, এসব যদি না ঘটানো হয় তবে তারা হাজারবার মিছিল, দাবি উত্থাপন করুক।