গণতন্ত্র টেকাতে নির্বাচন হতে হবে: মজীনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারান্দি শরাফত আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করছেন ড্যান ডব্লিউ মজীনা। ছবি: প্রথম আলো
নারান্দি শরাফত আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করছেন ড্যান ডব্লিউ মজীনা। ছবি: প্রথম আলো

মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, গণতন্ত্রকে টিকিয়ে রাখতে হলে অবশ্যই নির্বাচন হতে হবে। আর সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য একটি সঠিক পদ্ধতি বের করতে হবে। এজন্য বড় রাজনৈতিক দলগুলোকেই এগিয়ে আসতে হবে। আজ সোমবার নরসিংদীর মনোহরদী উপজেলার নারান্দি-চীন মৈত্রী কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মজীনা এসব কথা বলেন। মজীনা বলেন, ‘রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে গঠনমূলক আলোচনার মাধ্যমে নির্বাচনের সঠিক পদ্ধতি বের করতে পারে। আমি বিশ্বাস করি একমাত্র আলোচনার মাধ্যমেই জাতিকে নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া সম্ভব।’ এর আগে স্থানীয় নারান্দি শরাফত আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে শিক্ষার্থী ও স্থানীয় কৃষকদের সঙ্গে কুশল বিনিময় করেন ড্যান ডব্লিউ মজীনা। পরে তিনি নারান্দি গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া শীতলক্ষ্যা নদীর পাড়ে কিছুক্ষণ হাঁটেন। এ সময় জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ‘নিউজ টুডে’ পত্রিকার সম্পাদক রিয়াজ উদ্দিন আহমদ, মজীনার স্ত্রী গ্রেস মজীনা, স্থানীয় সাংসদ নুরুল মজিদ মাহমুদ, সাবেক নির্বাচন কমিশনার মো. সাখাওয়াত হোসেন, মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা এন্ড্রি কটন প্রমুখ উপস্থিত ছিলেন।

এরপর বেলা তিনটার দিকে মার্কিন রাষ্ট্রদূত বেলাব উপজেলায় উয়ারী বটেশ্বর এলাকায় আড়াই হাজার বছর আগের প্রত্নতাত্ত্বিক নিদর্শন এলাকা ঘুরে দেখেন। এ সময় গ্রেস মজীনা উয়ারী বটেশ্বরের প্রত্নতাত্ত্বিক খনন দলের প্রধান সুফি মোস্তাফিজুর রহমানের কাছে পুনরায় খনন চলাকালে পরিদর্শন করার আগ্রহ প্রকাশ করেন।

মার্কিন রাষ্ট্রদূতকে সস্ত্রীক সংবর্ধনা
মার্কিন রাষ্ট্রদূতকে সস্ত্রীক সংবর্ধনা দিয়েছে নরসিংদী জেলা প্রশাসন। জেলার সার্কিট হাউসের সম্মেলনকক্ষে এ সংবর্ধনা দেওয়া হয়। জেলা প্রশাসক মো. ওবায়দুল আজমের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে ড্যান মজীনা বলেন, বাংলাদেশ এক অপার সম্ভাবনার দেশ। এ দেশে অফুরন্ত সম্পদ রয়েছে। তেল, গ্যাস ও কৃষি ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। এদেশের সাধারণ মানুষ অত্যন্ত পরিশ্রমী। এ দেশের সব উন্নয়ন কর্মকাণ্ডে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক আসাদুজ্জামান, পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন প্রমুখ। এ সময় মজীনা ও তাঁর স্ত্রীকে নরসিংদীর ঐতিহ্যবাহী তাঁতের শাড়ি ও লুঙ্গি উপহার দেন মো. ওবায়দুল আজম।
এর আগে সকাল সোয়া নয়টার দিকে মার্কিন রাষ্ট্রদূত নরসিংদীর একমাত্র বিনোদন কেন্দ্র ড্রিম হলিডে পার্ক পরিদর্শন করেন। সেখানে পার্কের মনোরম পরিবেশ দেখে প্রশংসা করে ব্যবস্থাপনা পরিচালক প্রবীর কুমার সাহাকে পার্কের উন্নয়নের জন্য যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।