গণতন্ত্র থাকলে গণমাধ্যম আরও সাহসী হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডিসিসিআই আয়োজিত ‘অর্থনৈতিক ও ব্যবসা উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা চেম্বারের সভাপতি মোহাম্মদ শাহজাহান খান এবং প্রধানমন্ত্রীর গণমাধ্যমবিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী । প্রথম আলো
ডিসিসিআই আয়োজিত ‘অর্থনৈতিক ও ব্যবসা উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা চেম্বারের সভাপতি মোহাম্মদ শাহজাহান খান এবং প্রধানমন্ত্রীর গণমাধ্যমবিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী । প্রথম আলো

কিছুটা বিতর্ক থাকলেও দেশের অর্থনৈতিক সাংবাদিকতা সঠিক পথেই রয়েছে। বাংলাদেশের গণমাধ্যম ধারাবাহিকভাবে জনগণের অর্থ খরচের স্বচ্ছতা ও জবাবদিহির জন্য কাজ করে চলেছে। আর গণতন্ত্র হচ্ছে গণমাধ্যমের অক্সিজেন। গণতন্ত্র থাকলে গণমাধ্যম আরও সাহসী হবে।
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘অর্থনৈতিক ও ব্যবসা উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে গতকাল মঙ্গলবার বক্তারা এসব কথা বলেন। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সেমিনারে প্রধান অতিথি ও প্রধানমন্ত্রীর গণমাধ্যম-বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বিশেষ অতিথি ছিলেন। ঢাকা চেম্বারের সভাপতি মোহাম্মদ শাহজাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা ফেলো আবুল বাশার ও ডিসিসিআইয়ের পরিচালক এম এস সিদ্দিকী যৌথভাবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
হাসানুল হক ইনু বলেন, অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করতে স্বাধীন, সক্ষম ও ভারসাম্যপূর্ণ গণমাধ্যম হতে হবে। গণমাধ্যম এখন আর বিলাসিতা নয়, প্রয়োজনীয় সংস্থা। তিনি বলেন, কিছু হলুদ সাংবাদিকতা আছে, কিন্তু সেটা মূলধারা নয়। দেশের গণমাধ্যম চমৎকার কাজ করছে। রাজনীতিবিদ, সচিব, ব্যবসায়ী ভুল করতে পারে। কিন্তু গণমাধ্যম সেটা করতে পারে না। তা হলে দেশ শেষ হয়ে যাবে।
ইকবাল সোবহান চৌধুরী ব্যবসায়ীদের ‘গণমাধ্যমের উন্নয়নে ব্যবসার ভূমিকা’ নিয়ে সেমিনারের আয়োজন করার পরামর্শ দিয়ে বলেন, গণমাধ্যমের কাছে আরও প্রত্যাশা থাকতে পারে। আস্থার কিছুটা ঘাটতি থাকলেও অনেক অনাচার, অন্যায় তুলে ধরছে বলেই সেটা বন্ধ হচ্ছে। কেউ কেউ দুর্নীতি-কালোবাজারি করে গণমাধ্যম তৈরি করতে আসছেন, সেই টাকা রক্ষা করতে। কিন্তু সেটা মূলধারা নয়। ভেতর থেকে প্রতিবাদ আছে। প্রধান ধারার সংবাদপত্রগুলো রাজনীতিবিদদের কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। রাষ্ট্রীয় নীতিতে যাতে ব্যবসা ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য গণমাধ্যমে সমালোচনা হচ্ছে।
সেমিনারে উপস্থাপিত প্রবন্ধে দেশের গণমাধ্যমে সাম্প্রতিক কালে বিভিন্ন দুর্নীতি, বিশেষত আর্থিক খাতের অনিয়ম তুলে ধরার প্রশংসা করা হয়। তবে বলা হয়, অনেক ক্ষেত্রেই ব্যবসাবিরোধী আগাম ধারণা থেকেই গণমাধ্যম পরিচালিত হয়। অর্থনৈতিক প্রতিবেদকদের পর্যাপ্ত দক্ষতার অভাবের সঙ্গে কথিত জনপ্রিয় কিছু বিশেষজ্ঞদের যুক্ত এসব প্রচারণা চলে। এর জন্য অর্থনৈতিক প্রতিবেদক ও গণমাধ্যমবান্ধব বিশেষজ্ঞদের দায়ী করা হয় প্রবন্ধে।
প্রথম আলোর সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান নির্ধারিত আলোচক হিসেবে বলেন, ‘বাংলাদেশে সবচেয়ে বড় কেলেঙ্কারি হয়েছে শেয়ারবাজারে। ১৯৯৬ সালে হয়েছে, ২০১০ সালে হয়েছে। লাখ লাখ বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হয়েছেন। কিন্তু কারও শাস্তি হয়নি। ৪০ হাজার কোটি টাকার খেলাপি ঋণ রয়েছে ব্যাংক খাতে। অর্থনীতিকে রক্ষা করতে হলে এগুলো নিয়ে লিখতে হবে। এগুলো লিখব। রাষ্ট্র খাতের ব্যাংকগুলোর দুরবস্থা সবাই দেখছি। এগুলো সংবাদমাধ্যমে আসবেই।’
পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য শামসুল আলম বলেন, অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করতে হলে অবাধ তথ্যপ্রভাব থাকতে হবে। আর তার জন্য গণমাধ্যমকে স্বাধীন, মানসম্মত ও জনগণের সঙ্গে সম্পর্কিত থাকতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গোলাম রহমান বলেন, উন্নয়নের মধ্যে গণমাধ্যমের একটা ভূমিকা রয়েছে। পাশ্চাত্যের গণমাধ্যমকে এখানে অনুসরণের চেষ্টা করা হয়। সভাপতির স্বাগত বক্তব্যে শাহজাহান খান বলেন, বর্তমান সময়ে সরকার পরিচালনা, ব্যবসা-বাণিজ্য, সামাজিক ও টেকসই উন্নয়নে গণমাধ্যম অত্যন্ত শক্তিশালী ভূমিকা রাখছে। তিনি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য গণমাধ্যমকে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা শীর্ষক তথ্যবিবরণী আরও বেশি হারে প্রচারের ওপর জোর দেন।
সেমিনারে ধন্যবাদ দেন চেম্বারের সহসভাপতি খন্দকার শহীদুল ইসলাম, মুক্ত আলোচনায় অংশ নেন চেম্বারের পরিচালক আবদুস সালাম শোয়েব চৌধুরী, সদস্য সৈয়দ আলমাস কবীর, জিল্লুর রহমান এবং সাবেক পরিচালক ইয়াদ আলী ফকির।