সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের চেয়ারম্যান এ বি এম খায়রুল হক বলেছেন, গণতন্ত্র ও আইনের শাসন থাকলে মানবাধিকার এমনিতেই প্রতিষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক সম্মেলনে তিনি এ কথা বলেন।
জাতীয় মানবাধিকার কমিশন ‘দক্ষিণ এশিয়ার মানবাধিকার কৌশল প্রসঙ্গ: সম্ভাবনা ও প্রতিবন্ধকতা’ শীর্ষক দুই দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করে।
সম্মেলনের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে খায়রুল হক বলেন, ‘পৃথিবীর দেশে দেশে মানবাধিকার নিশ্চিত করতে হলে আইনের শাসন ও গণতন্ত্রের সঠিক চর্চা করা দরকার। এ দুটির একটির অনুপস্থিতিতে মানবাধিকার ব্যাহত হবে। সত্যিকারের গণতন্ত্রের চর্চা থাকলে আলাদাভাবে মানবাধিকারের কথা বলার দরকার হয় না। কারণ, তখন দেশের নিপীড়িত মানুষের অধিকার এমনিতেই প্রতিষ্ঠিত হয়।’
সাবেক এই প্রধান বিচারপতি বলেন, ১৭৮৯ সালে ফ্রান্সে সমতার আইন প্রণয়ন করা হয়েছিল। কিন্তু বাস্তবে সমতা প্রতিষ্ঠিত হয়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মানবাধিকারের বৈশ্বিক ঘোষণা এলেও প্রকৃত অর্থে মানবাধিকার প্রতিষ্ঠিত হয়নি। তাই আইন করে সমতা প্রতিষ্ঠা হবে না।
সম্মেলনে দক্ষিণ এশিয়ায় একটি আঞ্চলিক মানবাধিকার কাঠামো গঠনের প্রস্তাব করা হয়। প্রতিবছর এ অঞ্চলের মানবাধিকার প্রতিষ্ঠানগুলোর উদ্যোগে বার্ষিক সম্মেলন করারও ঘোষণা আসে।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বিচারপতি কে জি বালাকৃষ্ণ। তিনি বলেন, এ অঞ্চলের মানবাধিকার রক্ষায় সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। এ জন্য একটি ফোরাম গঠন করা যায়, যাতে প্রতিটি দেশ সমানভাবে অর্থ ও শ্রম দেবে। এ সংগঠনটি সম্পূর্ণ স্বাধীনভাবে মানবাধিকার নিয়ে কথা বলবে।
সভাপতির বক্তব্যে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান বলেন, যখন কোনো দেশে সত্যিকারের স্বাধীনতা, গণতন্ত্র ও আইনের শাসন থাকে তখন আর মানবাধিকার নিয়ে চিন্তা করতে হয় না।