গণতন্ত্র ধরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গত পাঁচ বছরে যে উন্নয়ন হয়েছে, তা গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় থাকার কারণেই সম্ভব হয়েছে। আবার যদি ‘অন্য কিছু’ এসে যায়, তাহলে এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব হবে না। তিনি গণতান্ত্রিক ধারা ধরে রাখার জন্য সবার প্রতি আহ্বান জানান।
আজ মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সিপিবি ও বাসদের সঙ্গে প্রধানমন্ত্রীর একটি মতবিনিময় সভা শুরু হয়। ওই সভার সূচনা বক্তব্যে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে। দেশের মানুষকে স্বাধীনতার সুফল পৌঁছে দিতে হবে। এটা সম্ভব কেবল স্বাধীনতার সপক্ষের শক্তি ক্ষমতায় থাকলেই। তিনি বলেন, ‘সামনে নির্বাচন। আমরা গণতন্ত্র শক্তিশালী ও সুরক্ষিত করতে চাই। এ জন্য সবার মতামত চাই।’
রাত আটটার দিকে মতবিনিময় সভা শুরু হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সভাটি চলছিল।