গণতন্ত্র নস্যাতের ষড়যন্ত্র করছে বিএনপি: হাছান মাহমুদ

বিরোধী দল গণতন্ত্র নস্যাতের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থায় ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। তবে অন্তর্বর্তী সরকারের গঠন-প্রক্রিয়া ও কার্যপরিধি নিয়ে আলোচনার দুয়ার অতীতেও খোলা ছিল, বর্তমানেও আছে।
আজ সোমবার রাতে তাঁর ধানমন্ডির বাসভবনে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের এই প্রচার সম্পাদক এসব কথা বলেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য খণ্ডন করে হাছান মাহমুদ বলেন, ‘অসাংবিধানিক সরকার এলে দায় সরকারের বলে মির্জা ফখরুল যখন বক্তব্য দেন, তখন আওয়ামী লীগের সরকারের সময় নির্বাচিত গাজীপুরের মেয়র তাঁর পাশে দাঁড়ানো ছিলেন। এটা হয়তো তিনি খেয়াল করেননি।’ তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা আওয়ামী লীগ সরকার বাতিল করেনি। আদালতের রায়ে তা বাতিল হয়েছে। বিএনপি-জামায়াতের আন্দোলন তাই আদালতের বিরুদ্ধে।