গণতন্ত্র পুনরুদ্ধারে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন গণতন্ত্র পুনরুদ্ধারে জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দেশে আজ নির্বাচনপদ্ধতি, প্রশাসন-বিচার-শিক্ষাব্যবস্থা ধ্বংসপ্রায়। গুম, খুনের ঘটনায় মানুষ আতঙ্কগ্রস্ত। এমন ভয়াবহ পরিস্থিতি মেনে নেওয়া যায় না। সরকারের এই ধ্বংসাত্মক কার্যকলাপের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মতিঝিলে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে দলের ঢাকা মহানগর কমিটির কর্মিসভায় ড. কামাল হোসেন এ আহ্বান জানান।
ড. কামাল হোসেন বলেন, নারায়ণগঞ্জের খুনের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কোন পর্যায়ে আছে। বেসিক ব্যাংক, হল-মার্ক, পদ্মা সেতু কেলেঙ্কারি বুঝিয়ে দিচ্ছে দুর্নীতির মাত্রা কোথায় গিয়ে পৌঁছেছে। নানা ক্ষেত্রে দুর্নীতিবাজেরা চিহ্নিত হলেও দলীয় বিবেচনায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। চাঁদাবাজ-টেন্ডারবাজি-দখল সরকারের কাছে গা-সওয়া নীতিতে পরিণত হয়েছে।
সভায় গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মফিজুল ইসলাম খান, সুব্রত চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক শফিক উল্ল্যাহ, মো. সগীর আনোয়ার, সাংগঠনিক সম্পাদক মোশতাক আহমেদ প্রমুখ।