অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, আইনজীবী এম আবদুর রহিম কেবল একজন সফল রাজনীতিবিদই ছিলেন না; বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা ও রক্ষায় তিনি ছিলেন একজন নির্ভীক সৈনিক। সংবিধান ও গণতন্ত্রের প্রতি তিনি ছিলেন গভীর শ্রদ্ধাশীল।
দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে আবদুর রহিমের স্মরণে গতকাল শুক্রবার বিকেলে নাগরিক কমিটির আয়োজনে শোক ও স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাটর্নি জেনারেল এসব কথা বলেন।
মাহবুবে আলম স্মৃতিচারণা করে বলেন, ২০০৪ সালে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি এবং তাঁর বড় ছেলে বর্তমানে বিচারপতি এম ইনায়েতুর রহিম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে এম আবদুর রহিম বারবার সংবিধান ও গণতন্ত্র রক্ষায় তৎপর হতে আইনজীবীদের প্রতি আহ্বান জানান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, প্রকৃত জনপ্রতিনিধি তাঁরাই হবেন, যাঁরা হবেন নির্লোভ, নির্ভীক। এম আবদুর রহিম সেই রকমেরই একজন মানুষ ছিলেন।
বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুন বলেন, এম আবদুর রহিম তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের পথপরিক্রমায় নিজগুণে খ্যাতি অর্জন করেছিলেন।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনজুরুল আহসান বুলবুল বলেন, ৯০ বছরের জীবনে আবদুর রহিম দোর্দণ্ড প্রতাপে সামনে এগিয়েছেন। দৃঢ় কণ্ঠে উচ্চারণ করে গেছেন, ধর্মনিরপেক্ষতার মানে অসাম্প্রদায়িকতা।
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মো. রুহুল আমিন বলেন, ‘১৯৯১ ও ১৯৯৬ সালের নির্বাচনে দিনাজপুর সদর-৩ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হয়ে নির্বাচন করতে গিয়ে এম আবদুর রহিমকে দিনাজপুর শহরে দুটি জমি বিক্রি করতে দেখেছি।’
এম আবদুর রহিম স্মরণে গঠিত নাগরিক শোক ও স্মরণসভা কমিটির সভাপতি মির্জা আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অজয় রায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মোহাম্মদ সেলিম, বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির সাবেক সভাপতি অধ্যাপক এম আমজাদ হোসেন, দিনাজপুর আইনজীবী সমিতির প্রবীণ সদস্য মো. ইসহাক, জেলা প্রশাসক মীর খায়রুল আলম, পুলিশ সুপার মো. হামিদুল আলম প্রমুখ। সভার শুরুতে নাগরিক কমিটির পক্ষ থেকে প্রয়াত এম আবদুর রহিমের জীবন ও কর্মের উল্লেখযোগ্য দিক তুলে ধরে লিখিত বক্তব্য পাঠ করেন প্রথম আলোর দিনাজপুর প্রতিনিধি মো. আসাদুল্লাহ্ সরকার।