গণতন্ত্র প্রতিষ্ঠায় গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা ও গণমাধ্যমের তরফ থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার আহ্বানের মধ্য দিয়ে শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সুবর্ণজয়ন্তী। গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভাগটির ৫০ বছর পূর্ণ হয়েছে। এর সঙ্গে ৫১ বছরে পা দিয়েছে দেশে সাংবাদিকতাবিষয়ক প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রম।সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিভাগকে সাজানো হয় বর্ণিল সাজে। সাজসজ্জার উপকরণের মধ্যে ছিল বেলুন, ফেস্টুন আর ঘণ্টা। এর সঙ্গে আবেগ-উচ্ছ্বাস মিলিয়ে সৃষ্টি হয় জমজমাট উৎসবের আবহ। উৎসবের প্রতিপাদ্য ‘স্বাধীন গণমাধ্যমই গণতন্ত্র’। সকালে অপরাজেয় বাংলা থেকে শুরু হয় শোভাযাত্রা। প্রায় শতাব্দীপ্রাচীন একটি হুড খোলা গাড়ি ছিল শোভাযাত্রার মূল আকর্ষণ। লাল রঙের গাড়িটিতে আরোহী ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী ও প্রবীণতম শিক্ষক সাখাওয়াত আলী খান এবং চেয়ারপারসন আখতার সুলতানা। সামনে-পেছনে সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীদের আনন্দ মিছিল নিয়ে তাঁরা প্রদক্ষিণ করেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সাদা টিশার্ট, কাগজের রঙিন টুপি আর মুখোশে সেজেছিলেন শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা। দুপুরে টিএসসিতে হয় আলোচনা সভা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান। এতে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য আরেফিন সিদ্দিক বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ইতিহাস এবং বাংলাদেশে সাংবাদিকতা শিক্ষার ইতিহাস এক ও অভিন্ন। এই বিভাগ শিক্ষার্থীদের সত্যনিষ্ঠ হতে শেখায়। তিনি শিক্ষার্থীদের সত্যের অন্বেষণ করার আহ্বান জানান। অধ্যাপক সাখাওয়াত আলী খান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগ শুধু বাংলাদেশের নয়, এই উপমহাদেশে প্রথম। বর্তমানে সাংবাদিকতা করার জন্য যে প্রাতিষ্ঠানিক শিক্ষার দরকার, তা বলার অপেক্ষা রাখে না।অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের প্রভাষক সাইফুল হক। বিভাগের চেয়ারপারসন আখতার সুলতানার সভাপতিত্বে অন্যদের মধ্যে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ফরিদ উদ্দিন আহমেদ, বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানে বিএসএস (সম্মান) পরীক্ষায় ভালো ফলের জন্য মার্জিয়া হোসেনকে ‘নভেরা দীপিতা স্মৃতি পুরস্কার’ এবং প্রথম বর্ষ সম্মান শ্রেণীতে ভালো ফল করায় জেনিনা ইসলামকে ‘তৌহিদুল আনোয়ার ও আলী হায়দার স্মৃতি বৃত্তি’ এবং ‘তাজিন স্মৃতি বৃত্তি’ দেওয়া হয়। ১৯৬২ সালের ২ আগস্ট ডিপ্লোমা কোর্সের মাধ্যমে শুরু হয় সাংবাদিকতা বিভাগের যাত্রা। এরপর ১৯৭৭ সালে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি চালু করা হয়। সুবর্ণজয়ন্তী উপলক্ষে বছরব্যাপী কর্মসূচি পালন করবে বিভাগটি।