গণতন্ত্র বিকাশে তরুণদের মেধা কাজে লাগাতে হবে: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার ও কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) চেয়ারপারসন শিরীন শারমিন চৌধুরী বলেছেন, গণতন্ত্রের সুষ্ঠু বিকাশ, আইনের শাসন প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন ও সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করতে তরুণদের মেধা কাজে লাগাতে হবে।
কমনওয়েলথ ১০০ প্রজেক্ট লঞ্চ ইভেন্ট গাইডিং মডেল ফর লিডারশিপ শীর্ষক অনুষ্ঠানে স্পিকার এসব কথা বলেন। আজ রোববার কমন পারপাস চ্যারিটেবল ট্রাস্ট রাজধানীর একটি হোটেলে ওই অনুষ্ঠানের আয়োজন করে।
শিরীন শারমিন বলেন, কমনওয়েলথভুক্ত ৫২টি দেশের মোট জনসংখ্যার ৬০ শতাংশ তরুণ। তরুণ সমাজের উন্নয়নে কমনওয়েলথ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) উদ্যোগে তরুণ নেতৃত্বকে এগিয়ে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ জাতীয় সংসদ অগ্রণী ভূমিকা রেখেছে। গণতন্ত্র, সংসদ, মানবাধিকার ও রাজনীতিতে তরুণ সমাজকে অর্থবহভাবে সম্পৃক্ত করার জন্য সিপিএ কাজ করে যাচ্ছে।
স্পিকার বলেন, তরুণদের আরও বেশি সচেতন, পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, বিশ্বস্ততা এবং তথ্যপ্রযুক্তি আয়ত্ত করার বিষয়ে কমনওয়েলথ ১০০ প্রজেক্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অন্যদের মধ্যে সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, এমসিসিআইয়ে সভাপতি নাহিদ কবির প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।