গণতন্ত্র বিকাশে পাশে থাকবে যুক্তরাজ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যালিসন ব্লেইক
অ্যালিসন ব্লেইক

বাংলাদেশের গণতন্ত্র বিকাশে এ দেশের সরকার, রাজনৈতিক দল ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে অব্যাহতভাবে সহযোগিতা করে যাবে যুক্তরাজ্য।
ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের নতুন হাইকমিশনার অ্যালিসন ব্লেইক গতকাল বুধবার সকালে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের যেসব অভিযোগ আছে, তা নিয়ে যুক্তরাজ্য উদ্বিগ্ন।
বাংলাদেশে যুক্তরাজ্যের হাইকমিশনার হিসেবে গত মঙ্গলবার রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার এক দিন পর তিনি ব্রিটিশ ক্লাবে প্রথমবারের মতো সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
বাংলাদেশের গণতান্ত্রিক পরিস্থিতিকে তিনি কীভাবে দেখেন—এমন প্রশ্নের উত্তরে অ্যালিসন ব্লেইক বলেন, সাম্প্রতিক অতীতে নির্বাচন পরিচালনা নিয়ে যুক্তরাজ্যের যে উদ্বেগ ছিল, তা গোপন করার কিছু নেই। কারণ অধিকাংশ জনগণ ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। তিনি বলেন, ‘স্থানীয় নির্বাচন নিয়ে আমরা মন্তব্য করি না। তারপরও সম্প্রতি অনুষ্ঠিত পৌরসভা নির্বাচন যেমন অতীতের তুলনায় শান্তিপূর্ণ ছিল, তেমনি হস্তক্ষেপও কম ছিল। বিরোধী দলও নির্বাচনে অংশ নিয়েছে। ভবিষ্যতে বাংলাদেশের সকল পর্যায়ের নির্বাচনে সব পক্ষের অংশগ্রহণের মাধ্যমে অংশগ্রহণমূলক, অবাধ ও সুষ্ঠু করার ব্যাপারে যুক্তরাজ্যের সহায়তা থাকবে।’
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করা হলে হাইকমিশনার বলেন, এ অভিযোগ নিয়ে যুক্তরাজ্যের উদ্বেগ আছে। আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা ও মাঠপর্যায়ে কর্মদক্ষতা বাড়াতে যুক্তরাজ্য সহযোগিতা করছে। তিনি বলেন, ‘কারও বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন কিংবা কারও কাজের প্রক্রিয়ায় মানবাধিকার নিয়ে প্রশ্ন থাকলে আমরা তাদের সহযোগিতা করি না। গণমাধ্যমে এখানকার আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে নানা অভিযোগ সম্পর্কে আমি জানি। কাজেই তাদের বিরুদ্ধে যেসব অভিযোগ আছে, তার প্রত্যেকটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত।’
সূচনা বক্তৃতায় অ্যালিসন ব্লেইক বলেন, মধ্য আয়ের দেশ হওয়ার লক্ষ্যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে এবং উন্নয়ন প্রক্রিয়ার বাইরে কাউকেও রাখা হবে না, এমন প্রয়াসে বাংলাদেশের সরকার ও জনগণকে সহযোগিতার জন্য যুক্তরাজ্য তৈরি আছে।