দেশের গণতন্ত্রকে সমৃদ্ধ করতে ধৈর্য, সংযম ও সহিষ্ণুতার প্রতি গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি বলেন, ‘বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। গণতন্ত্র বিকাশে প্রয়োজন গণতান্ত্রিক রীতিনীতি ও মূল্যবোধের চর্চা, ধৈর্য, সংযম ও পারস্পরিক শ্রদ্ধাবোধ। তাই জাতীয় জীবনে আমাদের আরও ধৈর্য, সংযম ও সহিষ্ণুতা দেখাতে হবে।’ খবর বাসস ও ইউএনবির।
গতকাল শুক্রবার রাজধানীর একটি হোটেলে স্থানীয় সরকারবিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া ভাষণকালে এসব কথা বলেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
জাতীয় সংসদকে সব ধরনের আলোচনা ও সমস্যা সমাধানের কেন্দ্রস্থলে পরিণত করতে হবে উল্লেখ করে অনুষ্ঠানে আবদুল হামিদ বলেন, ‘আমি আশা করি, স্বাধীনতার লক্ষ্য অর্জন ও জনগণের প্রত্যাশা পূরণে সবাই যাঁর যাঁর অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করে যাবেন।’
‘জনসম্পৃক্ততা ও সুশাসনের উন্নয়ন’ শীর্ষক এ সম্মেলন আয়োজন করে মিউনিসিপ্যাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এমএবি)। সংগঠনের সভাপতি মো. আবদুল বাতেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক, কমনওয়েলথ স্থানীয় সরকার ফোরামের মহাসচিব কার্ল রাইট, ইউসিএলজি-এএসপিএসির মহাসচিব বার্নাদিয়া ইরাওয়াতি তেজানদারাদেউ, এমএবির উপদেষ্টা আজমত উল্লাহ খান, মহাসচিব শামীম আল রাজি প্রমুখ বক্তৃতা করেন।
রাষ্ট্রপতি আর্থসামাজিক উন্নয়নে স্থানীয় সরকার সংস্থাগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে দায়িত্বশীলতা ও স্বচ্ছতার সঙ্গে কাজ করতে সংস্থার প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘আপনারা জনগণের প্রয়োজন ও দাবি বুঝতে পারেন। কারণ, আপনারা তাদের সঙ্গে সরাসরি সম্পৃক্ত, যা দেশের উন্নয়নের জন্য খুবই প্রয়োজন।’
স্থানীয় সরকার প্রতিনিধিদের তাঁদের দায়িত্ব ও কর্মকাণ্ডের বিষয় স্মরণ করিয়ে দিয়ে রাষ্ট্রপতি বলেন, ‘জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতি সম্মান প্রদর্শন করে আপনাদের কাজ করতে হবে। আমি আশাবাদী যে জনগণের অংশগ্রহণের মাধ্যমে স্থানীয় সরকারের প্রতিটি সংস্থা কল্যাণ ও সেবা প্রদানের সর্বোত্তম কেন্দ্রে পরিণত হবে।’
আবদুল হামিদ বলেন, ‘বর্তমান সরকার স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়নে খুবই আন্তরিক। সরকার বিকেন্দ্রীকরণসহ বিভিন্ন বাস্তবধর্মী পদক্ষেপের মাধ্যমে স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে কাজ করছে। এ লক্ষ্যে স্থানীয় সরকার আইন-২০০৯ প্রণয়ন ও এ-সম্পর্কিত বিধিবিধান তৈরি করা হয়েছে। এর ফলে স্থানীয় সরকারের কর্মকাণ্ড অধিকতর স্বচ্ছ ও কার্যকর হয়েছে।’
রাষ্ট্রপতি আরও বলেন, দেশে ১১ সিটি করপোরেশন, ৩২৪ পৌরসভা, ৬১ জেলা পরিষদ, ৪৮৯ উপজেলা ও ৪ হাজার ৫৫২ ইউনিয়ন পরিষদ রয়েছে। সংস্থাগুলো আর্থসামাজিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়ে গণতন্ত্রের বিকাশ ও জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।