গণতন্ত্র বিপর্যস্ত হলে দায়ী হবেন হাসিনা: বি. চৌধুরী

বিকল্পধারার সভাপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ঘোষণা দেওয়া হোক, অন্যথায় গণতন্ত্র বিপর্যস্ত হলে এর জন্য প্রধানমন্ত্রীই দায়ী থাকবেন।
আজ রোববার বিকেলে রাজধানীতে দলের কাফরুল থানা কমিটি আয়োজিত ইফতার-পূর্ব আলোচনা সভায় বি. চৌধুরী এসব কথা বলেন।
বি. চৌধুরী বলেন, নির্বাচন কমিশন দলীয়করণ হয়ে গেছে। নির্বাচন কমিশনের সাম্প্রতিক বক্তব্য থেকে বিষয়টি স্পষ্ট হয়েছে। আর এ কারণে এই সরকারের অধীনে আগামী নির্বাচন যে একতরফা হবে, তা পরিষ্কার বোঝা যাচ্ছে।
বি. চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী নিজ দলের সরকারের অধীনে নির্বাচন চান, যাতে তিনি এবং অন্যান্য ২০ মন্ত্রী নির্বাচনের সময় সরকারি সুযোগ-সুবিধা পরিপূর্ণভাবে ভোগ করতে পারেন। আর এই লক্ষ্য অর্জনের জন্য সরকার প্রশাসনকে ষোলো আনা দলীয়করণের চেষ্টা করছে। প্রধানমন্ত্রীর ছেলে হয়তো এসব সম্ভাব্য তথ্যের ভিত্তিতে আগামী নির্বাচনে অনায়াসে আওয়ামী লীগের বিজয়ের ঘোষণা দিয়েছেন।
বি. চৌধুরী আরও বলেন, সরকার যদি এখনো সংযত না হয়, তাহলে ভবিষ্যতে দেশে অনির্বাচিত সরকার আসার আশঙ্কা বেড়েই যাবে। এতে গণতন্ত্রের সলিলসমাধি হবে। তিনি বলেন, ‘আমি এই সরকারকে অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ঘোষণার আহ্বান জানাচ্ছি। অন্যথায় গণতন্ত্র বিপর্যস্ত হলে এর জন্য প্রধানমন্ত্রীই দায়ী থাকবেন ইতিহাসের কাছে।’
বিকল্পধারা কাফরুল থানার সভাপতি নূর মোহাম্মদের সভাপতিত্বে দলের বিভিন্ন পর্যায়ের নেতারা অনুষ্ঠানে বক্তব্য দেন।