
গণতন্ত্র আছে বলেই জাতীয় সংসদে বাজেট নিয়ে প্রাণবন্ত আলোচনা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বাজেট নিয়ে সংসদে অত্যন্ত প্রাণবন্ত আলোচনা হয়েছে। যখন আমাদের সরকারি দলের সদস্যরাও আলোচনা করেছেন; তাঁরা সরকার দলে আছেন, না বিরোধী দলে আছেন, সেটা বুঝতেও সময় লেগেছে। কারণ, তাঁরা কিন্তু কোনো জায়গায় এতটুকু খুঁত দেখে ছাড় দেননি। আসলে এটাই গণতন্ত্র। এটাই গণতন্ত্রের চর্চা। সংসদ গণতন্ত্রের কেন্দ্রবিন্দু, কাজেই এখানে সব ধরনের আলোচনা করতে পারেন সংসদ সদস্যরা। সেই স্বাধীনতা সংসদ সদস্যদের যে আছে, সেটা এবার প্রাণবন্ত আলোচনার মাধ্যমে প্রমাণিত হয়েছে।
শেখ হাসিনা বলেন, তিনি সংসদে সবার আলোচনা মনোযোগ দিয়ে শুনেছেন। তার ভিত্তিতে তিনি আমদানি শুল্ক, ভ্যাট আইন ও ব্যাংক আমানতে আবগারি শুল্ক নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে বিশেষ নজর দেওয়ার পরামর্শ দেন।
প্রধানমন্ত্রী বলেন, এবারের প্রস্তাবিত বাজেট দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট। আওয়ামী লীগ সরকার কারও কাছে ভিক্ষা বা অনুদান নিয়ে চলতে চায় না। নিজের পায়ে দাঁড়াতে চায়। অতীতে বিদেশিদের অর্থায়নে বাজেট হতো। একটা সময় বিদেশি অনুদান না পেলে বাজেট প্রণয়নই হতো না। আওয়ামী লীগ সে পথ থেকে সড়ে এসেছে। সরকার নিজস্ব অর্থায়নে উন্নয়ন বাজেটের ৯০ শতাংশ করার সক্ষমতা অর্জন করেছে। ২০০৮-২০০৯ অর্থবছরে অনুদানের হার ছিল ছয় দশমিক চার শতাংশ। চলতি অর্থবছরে তা ১ দশমিক ৬ শতাংশ। আর প্রস্তাবিত বাজেটে তা ধরা হয়েছে ১ দশমিক চার শতাংশ।
ঋণ নিয়ে বিভিন্ন মহলের সমালোচনার জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ঋণের বোঝা গ্রহণযোগ্য পর্যায়ে থাকবে। তিনি কথা দিতে পারেন এ কারণে বাড়তি চাপ তৈরি হবে না। এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। প্রধানমন্ত্রী বলেন, বাজেট ঘাটতি ৫ শতাংশের নিচে আছে। ভবিষ্যতেও এটা ৫ শতাংশের ওপরে যাবে না।
কর দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, মানুষ যে কর দেয় তা দেশের উন্নয়নেই কাজে লাগে। তিনি প্রশ্ন রাখেন, উন্নয়ন চাইবেন আর কর দেবেন না, তা কীভাবে হবে? কর ফাঁকি দেওয়া মানে নিজেকে ফাঁকি দেওয়া। তিনি বলেন, অনেকে বিদেশ থেকে পুরস্কার পাওয়ার পর পুরস্কারের টাকার ওপর কর মাফ চান। তিনি নিজে অনেক পুরস্কার পেয়েছেন, কিন্তু তিনি কখনো কর মাপ চাননি।
আরও পড়ুন:
এক লাখ থেকে পাঁচ লাখে আবগারি শুল্ক ১৫০