গণতন্ত্র যেন বাধাগ্রস্ত না হয়: রাষ্ট্রপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণতন্ত্র ও উন্নয়নকে একে অপরের পরিপূরক অভিহিত করে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, কষ্টার্জিত গণতন্ত্র যেন কোনোভাবে বাধাগ্রস্ত না হয়। সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ প্রয়াস চালাতে হবে। গতকাল মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনে রাষ্ট্রপতি এ কথা বলেন।
আবদুল হামিদ বলেন, ‘আমি বিশ্বাস করি, কষ্টার্জিত স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে সকলে প্রচেষ্টা চালাবেন
এবং গণতন্ত্র ও আর্থসামাজিক উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে দল-মতনির্বিশেষে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা পালন করবেন।’
রাষ্ট্রপতি স্নাতক অর্জনকারীদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘আপনারা এখন দেশের উন্নত জনশক্তি। আশা করি আপনারা আপনাদের অর্জিত জ্ঞান ও মেধা মানবতার কল্যাণে নিয়োজিত করবেন।’ ডিগ্রি অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তোলার পরিপূরক শিক্ষাক্রম প্রণয়নের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দেন রাষ্ট্রপতি।
একই সঙ্গে বিশ্ববিদ্যালয়সমূহের চ্যান্সেলর রাষ্ট্রপতি আবদুল হামিদ শিক্ষাকে সেশনজটমুক্ত রাখা এবং ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ড সম্প্রসারণে পদক্ষেপ নেওয়ার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রশংসা করেন।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ অনুষ্ঠানে বক্তব্য দেন।