গণতন্ত্র ও দেশ রক্ষা করাই এখন বিএনপির কাছে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।১ সেপ্টেম্বর বিএনপির ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলটির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর সময় মির্জা ফখরুল এ কথা বলেন। তিনি বলেন, মানুষের মৌলিক অধিকারগুলো রুদ্ধ করে দেওয়া হয়েছে। সরকারের চরম ব্যর্থতায় জনসাধারণ সংকটের মধ্যে আছে। দেশের গণতন্ত্র আজ বিপন্ন। গণতন্ত্রকে পুনরুদ্ধার ও সুসংহত করাই এখন বিএনপির কাছে মূল চ্যালেঞ্জ।বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে দলটির নেতা-কর্মীরা গত বৃহস্পতিবার দুপুরে জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং ফাতেহা পাঠ করেন। পরে প্রয়াত নেতার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো বৃহস্পতিবার বিভিন্ন কর্মসূচি পালন করে। দিবসটি উপলক্ষে সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।এ ছাড়া দিবসটি উপলক্ষে গত মঙ্গলবার বিভিন্ন জাতীয় দৈনিকে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করে দলটি।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক বিবৃতিতে নেতা-কর্মীদের অভিনন্দন জানিয়েছেন।১৯৭৫ সালের ১৫ অগাস্টের পটপরিবর্তনের পর সামরিক শাসক জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলের প্রথম চেয়ারম্যান। এর আগে ওই বছরের ফেব্রুয়ারি মাসে জিয়াউর রহমানের পৃষ্ঠপোষকতায় জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল (জাগদল) নামের একটি দল গঠিত হয়। পরে তা বিএনপিতে বিলুপ্ত হয়।