গণতন্ত্র রক্ষা করেই বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা করতে হবে
‘বিচার বিভাগ পৃথক্করণের আট বছর’ শীর্ষক মুক্ত আলোচনায় বক্তারা বিচার বিভাগের স্বাধীনতার জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেছেন। তাঁরা বলেন, গণতন্ত্র রক্ষা করেই বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা করতে হবে, আইনের শাসন রক্ষা করতে হবে। আর গণতন্ত্র রক্ষার জন্য নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন হতে হবে।
গতকাল জাতীয় প্রেসক্লাবে মানবাধিকার সংগঠন হিউম্যানিটি ফাউন্ডেশনের আয়োজনে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক্করণ বিষয়ে ‘পৃথক্করণের আট বছর’ শীর্ষক মুক্ত আলোচনায় তাঁরা এসব কথা বলেন। হিউম্যানিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান এ আই মাহবুবউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত মুক্ত আলোচনায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ। এতে বিচার বিভাগ পৃথক্করণ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান।
বক্তারা আরও বলেন, নির্বাহী বিভাগের নৈতিক দায়িত্ব হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা। বিচার বিভাগ সম্পূর্ণভাবে স্বাধীন না হলে বিচারকেরা স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারেন না। ফলে যেকোনো নাগরিকের ন্যায়বিচার না পাওয়ার আশঙ্কা থাকে।
প্রবন্ধে মিজানুর রহমান খান বিচার বিভাগ পৃথক্করণ বিষয়ে চারটি সুপারিশ করেন। সুপারিশে তিনি বলেন, মাসদার হোসেন মামলা এখনো চলমান আছে। এ ক্ষেত্রে অ্যামিকাস কিউরিরা পৃথক্করণকে আরও অর্থবহ ও কার্যকর করা এবং দ্বৈতশাসন বিলোপে যথাযথ পদক্ষেপ নিতে পারেন। মোবাইল কোর্ট ব্যবস্থা পর্যায়ক্রমে বিচারিক হাকিম দিয়ে পরিচালনার জন্য লক্ষ্যস্থির করতে হবে। তবে যত দিন মোবাইল কোর্ট আইনের আওতায় নির্বাহী ম্যাজিস্ট্রেটরা অনধিক দুই বছর কারাদণ্ড দেওয়ার মতো বিচারিক ক্ষমতা প্রয়োগ করবেন, তত দিন তাঁদের চাকরি প্রেষণে সুপ্রিম কোর্টের কাছে ন্যস্ত থাকবে বলে গণ্য করার বিধান চালু করা যেতে পারে।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মইনুল হোসেন বলেন, বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা করতে হলে গণতন্ত্র রক্ষা করতে হবে। গণতন্ত্রকে রক্ষা করতে না পারলে বিচার বিভাগের স্বাধীনতা সম্ভব নয়। আর গণতন্ত্র রক্ষার জন্য নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন হতে হবে। অন্যথায় সুবিচার ও আইনের শাসন প্রতিষ্ঠা সম্ভব নয়। গণতন্ত্র মেরে বিচার বিভাগের স্বাধীনতার কথা বলা গোড়া কেটে মাথায় পানি ঢালার মতো।
মইনুল হোসেন বলেন, দুর্ভাগ্যের ব্যাপার হলো এই বিচার বিভাগের মাধ্যমেই গণতন্ত্র হত্যা শুরু হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করার মধ্য দিয়ে একজন বিচারপতি এটা করেছেন।
বিচারপতি আমিরুল কবীর চৌধুরী বলেন, নির্বাহী বিভাগের নৈতিক দায়িত্ব হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে সুপ্রিম কোর্ট বিচার বিভাগ পৃথক্করণের বিষয়ে ১২ দফা নির্দেশনা দিলেও রাষ্ট্র আজ পর্যন্ত এটা সম্পূর্ণভাবে বাস্তবায়ন করেনি। বিচার বিভাগ পৃথক্করণের লক্ষ্যে সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয় প্রয়োজন রয়েছে।
বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদার বলেন, শুধুই বিচার বিভাগ পৃথক্করণ করে লাভ নেই। আগে বিচারক ও মানুষের চিন্তাচেতনার পরিবর্তন হতে হবে। বিচার বিভাগ পৃথকক্রণের জন্য বাহাত্তরের সংবিধানে ফিরে যাওয়া প্রয়োজন।
মন্ত্রিপরিষদ বিভাগের সাবেক সচিব আলী ইমাম মজুমদার বলেন, বাহাত্তরের সংবিধানে ফিরে যেতে হলে পরিপূর্ণভাবে যেতে হবে। একটা রেখে আরেকটা নিয়ে বাহাত্তরের সংবিধানে ফেরা যাবে না। ’৭২-এর সংবিধানে ছিল বিচারকেরা অবসরের পর লাভজনক কোনো চাকরিতে যেতে পারবেন না। তিনি বলেন, নিজের নিরাপত্তার জন্য হলেও বিচার বিভাগের স্বাধীনতা দরকার। কারণ, বিচারকেরা স্বাধীন না হলে যেকোনো নাগরিকের ন্যায়বিচার থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা থাকে।
আলোচনায় আরও অংশ নেন সাবেক জেলা জজ হাসান শহিদ ফেরদৌস, হিউম্যানিটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মুহাম্মদ শফিকুর রহমান, শফিউদ্দিন ভূঁইয়া, হাবিবুর রহমান শওকত, ফেরদৌস আক্তার ওয়াহিদা প্রমুখ।