গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে সিপিবি-বাসদের সহযোগিতা ও পরামর্শ চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সঙ্গে বৈঠকের সূচনা বক্তব্যে শেখ হাসিনা এই পরামর্শ চান।
প্রধানমন্ত্রী বলেন, গত পাঁচ বছরে যে উন্নয়ন হয়েছে, তা গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় থাকার কারণেই সম্ভব হয়েছে। আবার যদি ‘অন্য কিছু’ এসে যায়, তাহলে এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব হবে না। তাই ধারাবাহিকতা বজায় রাখতে হবে।
এক-এগারোর সময় তিনি ও বিরোধীদলীয় নেতা আগে-পরে কারাগারে যান উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘২০০৮ সালে নির্বাচনের আগে অনেক চাপ আসল। আমাকে প্রস্তাব দেওয়া হয় প্রধানমন্ত্রীর মর্যাদা দেওয়া হবে। মইন উ আহমেদ রাষ্ট্রপতি হবেন। আমাদের সমর্থন দিতে হবে। আমরা সেটা চাইনি।’
প্রধানমন্ত্রী বলেন, ‘ব্রিগেডিয়ার আমিন আমার কাছে যেত। আমরা নির্বাচন চেয়েছি। তাঁকে আমি বললাম, তোমার জন্মের আগে, মইনের জন্মের সময় আমার বাবা মন্ত্রী। পরে আমার বাবা ও আমি প্রধানমন্ত্রী হয়েছি। মর্যাদার দরকার নেই। প্রধানমন্ত্রী হতে হলে জনগণের ভোটে হব। কে হবে না হবে সেটা পরে হবে।’
প্রধানমন্ত্রী তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সমালোচনা করে বলেন, তাদের করা আইন লঙ্ঘন করে ইয়াজউদ্দিন আহম্মেদ প্রধান উপদেষ্টা হন। উপদেষ্টারা পদত্যাগ করেন। আবার নতুন উপদেষ্টারা আসেন। নির্বাচন করতে পারেননি। এরপর যা হওয়ার তাই হয়। অবশ্য মইন ও ফখরুদ্দীন আহমদ দুজনই বর্তমান বিরোধীদলীয় নেতার পছন্দ ছিলেন।
প্রধানমন্ত্রীর বক্তব্যের পর সিপিবি ও বাসদের নেতাদের সঙ্গে আওয়ামী লীগের নেতারা রুদ্ধদ্বার বৈঠক করেন।
বৈঠকে আওয়ামী লীগের নেতাদের মধ্যে আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, সুরঞ্জিত সেনগুপ্ত, সৈয়দ আশরাফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাবেক সভাপতি মনজুরুল আহসান খান, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামানসহ ১৫ জন প্রতিনিধি অংশ নেন।
আগামী দুই মেয়াদে তত্ত্বাবধায়ক চায় সিপিবি-বাসদ: বৈঠকে উপস্থিত একাধিক নেতা জানান, আগামী দুই মেয়াদের জন্য তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা চালু রাখার আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে সিপিবি-বাসদ। বৈঠকের শুরুতে সিপিবির পক্ষে মুজাহিদুল ইসলাম সেলিম ও বাসদের পক্ষে খালেকুজ্জামান তাঁদের বক্তব্য তুলে ধরেন। তাঁরা এ-ও বলেছেন, সমঝোতার মাধ্যমে সব দলের অংশগ্রহণের ভিত্তিতে নির্বাচন হওয়া দরকার।
বৈঠক সূত্র জানায়, বিরোধী দল নির্বাচনে না এলে সিপিবি-বাসদ নির্বাচনে না-ও আসতে পারে—এমন মনোভাব প্রকাশ করেন মুজাহিদুল ইসলাম সেলিম ও খালেকুজ্জামান। এরপর আলোচনা আর খুব বেশি এগোয়নি। এর বাইরে রামপালের বিদ্যুৎকেন্দ্র পরিবেশের জন্য ক্ষতিকর উল্লেখ করে তা বন্ধের প্রস্তাব করে সিপিবি-বাসদ। কিন্তু প্রধানমন্ত্রী এর সঙ্গে দ্বিমত পোষণ করে পরিবেশের ক্ষতি হবে না বলে দাবি করেন।
এ ছাড়া সিপিবি-বাসদ আরপিওর ধারা পরিবর্তন করে যেকোনো ব্যক্তিকে দল বদল করে নির্বাচন করার সুযোগ দেওয়ার সমালোচনা করে।
বাপেক্স ভবন উদ্বোধন: বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডকে (বাপেক্স) শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেছেন, তেল ও গ্যাস উত্তোলনে বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তিতে এই রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানিটির অংশীদারি থাকতে হবে। তিনি বলেন, তেল-গ্যাস উত্তোলন ও উৎপাদনে নিজেদের সামর্থ্য অর্জনে প্রকৌশলী ও কর্মকর্তাসহ এর জনশক্তিকে বিদেশি কোম্পানিগুলোর সঙ্গে কাজের সুযোগ দিতে হবে।
প্রধানমন্ত্রী গতকাল সকালে কারওয়ান বাজারে বাপেক্স ভবন উদ্বোধন এবং শেরবাংলা নগরে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে এসব কথা বলেন। খবর বাসসের।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি সুবিদ আলী ভূঁইয়া ও সাংসদ আসাদুজ্জামান খান কামাল বক্তৃতা করেন। স্বাগত বক্তৃতা করেন পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর।