গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, দেশের গণতন্ত্র রক্ষায় জনগণকে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো বিকল্প নেই। জাতীয় ঐক্যের কারণে অতীতে স্বাধীনতা-সার্বভৌমত্বসহ সব জাতীয় অর্জন সম্ভব হয়েছে। আবারও জাতীয় ঐক্যের দাবি উঠেছে।
সাতক্ষীরা শিল্পকলা একাডেমী মিলনায়তনে গতকাল শনিবার জেলা গণফোরামের ত্রিবার্ষিক কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ড. কামাল। কাউন্সিলে গণফোরামের দুই সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।
দেশের মানুষ সব ঐক্যবদ্ধ আন্দোলনে জয়ী হয়েছে উল্লেখ করে ড. কামাল হোসেন বলেন, পঁচাত্তরে জাতীয় নেতাদের হারিয়েও জনগণ হতাশ হয়নি; তারা হতাশ হবেও না। জনগণের ন্যায়সংগত দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ড. কামাল বলেন, বাষট্টির ছাত্র আন্দোলন, ছেষট্টির ছয় দফা আন্দোলন, উনসত্তরের গণ-আন্দোলন ও সত্তরের সাধারণ নির্বাচন কেউ চাপিয়ে দেয়নি। জনগণের মধ্য থেকেই এ দাবি উঠেছিল।
৫ জানুয়ারির নির্বাচনকে জনগণ কীভাবে মূল্যায়ন করেছে, তা খতিয়ে দেখার আহ্বান জানিয়ে ড. কামাল আরও বলেন, জনগণ চায় সন্ত্রাসমুক্ত ও অসাম্প্রদায়িক বাংলাদেশ। তারা সন্ত্রাস ও অসুস্থ রাজনীতি চায় না। দিনকে রাত বানানো যায় না—উল্লেখ করে তিনি বলেন, মুক্তিযোদ্ধারা কোনো আর্থিক লাভের আশায় মুক্তিযুদ্ধ করেননি। লোভের রাজনীতি করলে নিশ্চিহ্ন হয়ে যেতে হয়।
সাতক্ষীরা জেলা গণফোরামের সভাপতি এম জামান খানের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য দেন গণফোরামের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মোহসিন, সভাপতিমণ্ডলীর সদস্য আবদুল আজিজ, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম শফিপউল্লাহ প্রমুখ।
ত্রিবার্ষিক কাউন্সিলে মামুন-উর-রহমানকে সভাপতি ও আলী নূর খানকে সাধারণ সম্পাদক করে দুই সদস্যবিশিষ্ট নতুন জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। সভাপতি ও সাধারণ সম্পাদক পরবর্তী সময়ে পূর্ণাঙ্গ কমিটি করে কেন্দ্রে জমা দেবেন।