দেশের সর্বময় ক্ষমতার মালিক জনগণ। তারাই দেশের গণতন্ত্র রক্ষা করতে পারে। কাজেই এ দেশের গণতন্ত্র রক্ষায় অন্য কোনো দেশের হস্তক্ষেপের প্রয়োজন নেই। বরং আলোচনার মাধ্যমে রাজনৈতিক দলগুলোই সব সমস্যার সমাধান করতে পারে। গতকাল শনিবার বিয়াম মিলনায়তনে বিবিসি বাংলাদেশ সংলাপে এই মত দিয়েছেন দর্শক ও অতিথিরা। সংলাপে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু, পুলিশের ওপর জামায়াত-শিবিরের হামলা ও বিরোধীদলীয় নেত্রীর ওয়াশিংটন টাইমস-এর লেখা নিয়েও আলোচনা হয়।সংলাপে অতিথি আলোচক ছিলেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাজমেরী এস এ ইসলাম। সংলাপ সঞ্চালনা করেন আকবর হোসেন। সংলাপের শুরুতেই পদ্মা সেতু থেকে বিশ্বব্যাংক অধ্যায়ের সমাপ্তি এবং নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর বিষয়ে প্রশ্ন করেন এক দর্শক। জবাবে নৌমন্ত্রী বলেন, ‘আমরা আত্মবিশ্বাসী নিজস্ব অর্থায়নেই পদ্মা সেতু করতে পারব। আর সেতুর নকশায় রেলপথ বাদ দিলে খরচ অনেক কমে যাবে।’ মাহবুবুর রহমান বলেন, ‘দুর্নীতির কারণেই বিশ্বব্যাংক চলে গেছে যেটি জাতির জন্য লজ্জার। আর নিজস্ব অর্থায়নে সেতু করতে যে ব্যবস্থাপনা দরকার, তা আছে কি না, সেটিও প্রশ্ন। নিজস্ব অর্থায়নে সেতু করলে খরচও অনেক বেড়ে যাবে।’ ইকবাল সোবহান চৌধুরী বলেন, পদ্মা সেতু দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের স্বপ্ন। নিজেদের অর্থায়নেই এই সেতু করা সম্ভব। এ ক্ষেত্রে সরকারকে স্বচ্ছতা বজায় রাখতে হবে। তাজমেরী ইসলাম বলেন, নিজস্ব অর্থায়নে সেতু করার জন্য জনগণকে যেভাবে আশ্বস্ত করা দরকার, সেটি করতে পারেনি সরকার। নিবন্ধন থাকার পরও জামায়াত-শিবিরের সভা-সমাবেশে বাধা, আবার পুলিশের ওপর হামলার পরও জামায়াতের নিবন্ধন বাতিল না করা সরকারের দ্বৈতনীতি কি না, এমন প্রশ্ন করেন এক দর্শক। জবাবে নৌমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধকালে জামায়াতের নৃশংসতার বিচার যখন চলছে, তখন তারা ট্রাইব্যুনাল বাতিলের দাবিতে নৈরাজ্য সৃষ্টি করছে। তাদের সমর্থন দিচ্ছে বিএনপি। জামায়াতের নিবন্ধন বাতিল হবে কি না, সময়ই বলে দেবে। গণতন্ত্র রক্ষায় যুক্তরাষ্ট্রের সহায়তা চাওয়ার সমালোচনা করে নৌমন্ত্রী বলেন, দেশের গণতন্ত্র রক্ষায় কারও বিদেশে যাওয়ার দরকার নেই। খালেদা জিয়া যা করেছেন, তা তাঁর কাছ থেকে জাতি আশা করেনি। মাহবুবুর রহমান বলেন, আজকে বাংলাদেশের সবচেয়ে বড় সংকট গণতন্ত্রের। খালেদা জিয়া সে কথাই বলেছেন।