গণতন্ত্র রক্ষায় স্পিকারদের জোরালো ভূমিকা রাখার আহ্বান
সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় এবং সন্ত্রাসের বিরুদ্ধে স্পিকারদের বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। এ আহ্বানের মধ্য দিয়ে নয়াদিল্লিতে গত বুধবার সন্ধ্যায় শেষ হয়েছে কমনওয়েলথভুক্ত দেশের স্পিকারদের ২০তম সম্মেলনের আলোচনা পর্ব। ওই সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ স্পিকারদের রাজনৈতিক বিতর্কের ঊর্ধ্বে থাকার পাশাপাশি নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের ওপর গুরুত্ব দিয়েছেন।৪ জানুয়ারি থেকে ভারতের রাজধানীতে শুরু পাঁচ দিনের এ সম্মেলনে কমনওয়েলথের ৫১টি দেশের মধ্যে ৩৫টি দেশের স্পিকাররা অংশ নেন। দিল্লির মৌর্য শেরাটন হোটেলে অনুষ্ঠিত এ সভায় ভারতের প্রতিটি রাজ্যসভার স্পিকাররা যোগ দেন।সম্মেলনের সমাপনী কার্য অধিবেশনে গৃহীত প্রস্তাবে সংসদীয় গণতন্ত্র রক্ষায় স্পিকারদের জোরালো ভূমিকা রাখার কথা বলা হয়।সম্মেলনের প্রস্তাবনায় বলা হয়, শান্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠায় স্পিকারকে তীক্ষ দৃষ্টি রাখতে হবে। রাজনৈতিক দলগুলোর দ্বন্দ্বে যাতে গণতন্ত্র ব্যাহত না হয়, সে ব্যাপারেও সজাগ থাকতে হবে। দক্ষিণ এশিয়ার গত চার দশকের রাজনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করলে দেখা যায়, কমনওয়েলথভুক্ত দেশের স্পিকাররা ইতিবা ক ভূমিকা পালন করেছেন। তবে এ সময়ে অনেক দেশে হুমকির মুখে পড়েছে গণতন্ত্র। এ ধরনের পরিস্থিতিতে গণতন্ত্র রক্ষায় স্পিকারকে মুখ্য ভূমিকা পালন করতে হবে। একমাত্র তাঁরাই দলমত-নির্বিশেষে সবার আস্থার প্রতীক হিসেবে কাজ করতে পারেন।সম্মেলনে অংশ নেওয়ার ফাঁকে কয়েকটি দেশের স্পিকারদের সঙ্গে আলাদাভাবে দেখা করেন আবদুল হামিদ। তিনি ভারতের লোকসভার স্পিকার মিরা কুমার, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার পার্লামেন্টের স্পিকার এবং কমনওয়েলথ পার্লামেন্টারি কমিটির সেক্রেটারির সঙ্গে দেখা করেন। বাংলাদেশে সংসদীয় গণতন্ত্রের উত্তরণ ঘটেছে। এর অগ্রযাত্রা অব্যাহত রাখতে স্পিকার অগ্রণী ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন মিরা কুমার। তিনি বলেন, এতে বাংলাদেশ, ভারতসহ দক্ষিণ এশিয়ায় সংসদীয় গণতন্ত্র আরও সুসংহত হবে।