গণতন্ত্র শক্তিশালী করতে দরকার সামরিক ও বেসামরিক সুসম্পর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য সামরিক ও বেসামরিক প্রশাসনের মধ্যে সুসম্পর্ক থাকা দরকার বলে মনে করেন জার্মানের হাইডেলবার্গ ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল কনফ্লিক্ট রিসার্চের সদস্য ক্রিস্টিন ব্লেডার। তিনি একই সঙ্গে গণতান্ত্রিক সব প্রতিষ্ঠানকে শক্তিশালী করার কথাও বলেছেন।গতকাল সোমবার রাজধানীর গুলশানের জার্মান হাউসে আয়োজিত গোলটেবিল বৈঠকে এ কথা বলেন ক্রিস্টিন। তিনি হাইডেলবার্গ ইনস্টিটিউটে সামরিক ও বেসামরিক সম্পর্ক নিয়ে একটি গবেষণাও করেছেন। সেই গবেষণার আলোকে তিনি এ বক্তব্য দেন। বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (বিআইপিএসএস) এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে।বাংলাদেশের সামরিক-বেসামরিক প্রশাসনের সম্পর্ক বিশ্লেষণ করতে গিয়ে ক্রিস্টিন বলেন, ‘মুক্তিযোদ্ধা সামরিক কর্মকর্তা ও যুদ্ধ না করে সশস্ত্র বাহিনীতে যোগ দেওয়া কর্মকর্তার মধ্যে শুরুতেই দ্বন্দ্ব ছিল। এই সমস্যাই পরে বেড়েছে। এর সঙ্গে ভারতবিরোধী মনোভাব, ঔপনিবেশিক সমস্যা তো ছিলই। তিনি বলেন, এ দেশের সর্বশেষ সামরিক সরকার ছিলেন এরশাদ। তিনি সব সময় সেনাবাহিনীর ওপর নিয়ন্ত্রণ রেখেছিলেন। সেনাবাহিনীই ছিল তাঁর মূল শক্তি। কিন্তু একপর্যায়ে এসে সেনাবাহিনীর কর্মকর্তারাও এরশাদের রাজনীতি পছন্দ করেননি। বিআইপিএসএসের সভাপতি মেজর জেনারেল (অব.) এ এন এম মুনিরুজ্জামান বলেন, গণতান্ত্রিক সব দেশেই সামরিক বাহিনীর ওপর বেসামরিক নিয়ন্ত্রণ থাকে। এটি জরুরি। এর জন্য সংসদীয় কমিটি, বাজেটে স্বচ্ছতা এবং প্রতিবছর সেনাবাহিনীর প্রতিবেদন প্রকাশ করা যেতে পারে।মুনিরুজ্জামান বলেন, ‘বাংলাদেশের সেনাবাহিনীর জন্য মানুষের মনে ভালোবাসা ও ঘৃণা দুটোই আছে। ভালোবাসা আছে তাদের ভালো কাজের জন্য। আর ঘৃণা আছে রাজনৈতিক হস্তক্ষেপের জন্য।’বৈঠকে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, রাষ্ট্রদূত হারুন-অর-রশিদ, স্টকহোম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অশোক নাথ, হলিডের সম্পাদক সৈয়দ কামালউদ্দিনসহ সাবেক কূটনীতিক ও সামরিক-বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।